জামালপুর নাটোরে আ.লীগ-বিএনপি ও হেফাজতে ইসলাম সংঘর্ষ ভাংচুর : জিয়ানগরে জামায়াত-বিএনপির দোকান পুড়িয়েছে আ.লীগ সন্ত্রাসীরা



ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ
পরের সংবাদ»
জামালপুরে আওয়ামী লীগ-বিএনপি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। এদিকে গতকাল নাটোরে হেফাজতে ইসলামের কর্মী সন্দেহে শাঁখারিপাড়া মাদরাসার দুই প্রভাষককে মারপিট করেছে যুবলীগ কর্মীরা। পিরোজপুরের জিয়ানগরে জামায়াত-বিএনপি সমর্থিতদের আটটি দোকান পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ব্রাহ্মণবাড়িয়ার পৃথক ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় সংঘর্ষে অন্তত ১০ জন জখম হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুরে আহত ২০ : জামালপুরে ১৪ দলের মিছিলে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও জেলা বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় গতকাল জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। রোববার শহরে হরতালের বিপক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের একটি মিছিল স্টেশন বাজার এলাকা অতিক্রম করার সময় মিছিলে একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের পরপর ১৪ দলের নেতাকর্মীরা স্টেশন বাজারে জেলা বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। পরে বিএনপি পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন আহত হয়। এ সংঘর্ষে আহতরা হলো পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সজীব খান, মিজানুর রহমান, শাহীন, অধ্যাপক সুরুজ্জামান, সৈয়দ তানভীর আহমেদসহ ২০ জন।
নাটোরে আহত ২ : নাটোর সদরের বাসুদেবপুরে হেফাজতে ইসলামের কর্মী সন্দেহে শাঁখারিপাড়া মাদরাসার দুই প্রভাষককে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। গতকাল নাটোরের নলডাঙ্গা থানার শাঁখারিপাড়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক জালাল উদ্দিন ও গণিত বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসুদেবপুর বাজারের পাশে কাউন্সিল মোড়ে এলাকায় পৌঁছলে নলডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন ও তার সমর্থক তাদের গতিরোধ করে হেফাজত কর্মী সন্দেহে মারপিট করে এবং মোটরসাইকেলে ভাঙচুর করে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।
জিয়ানগরে অগ্নিসংযোগ : পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী বাজারে এবার জামায়াত-বিএনপি সমর্থিতদের ৮টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও ছয়-সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অগ্নিকাণ্ড আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীরা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। অগ্নিকাণ্ডে বাজারের ছয়টি মুদি দোকান, দুটি ওষুধের দোকান, তিনটি ফোন-ফ্যাক্সের দোকান ও দুটি মোবাইলের দোকান পুড়ে অন্তত ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, যারা আগুন লাগিয়েছে, তারা পিরোজপুর থেকে যাওয়া ফায়ার সার্ভিসের ইউনিটকে ঘটনাস্থল না দেখিয়ে ভিন্ন পথে পাঠায় এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুড়ে যাওয়া দোকান মালিক ফরিদ, ফেরদৌস ও হুমায়ুন জানিয়েছেন, তারা শুক্রবার সাঈদীর পক্ষে কথা বললে আওয়ামী লীগ নেতা এনামুল, বাচ্চু ও আনসার তাদের শাসায় এবং সীমানা নির্ধারণ করে দেয়, যাতে জামায়াত-বিএনপি সমর্থকরা সেই সীমানা অতিক্রম না করে। তাদের দাবি, এ অগ্নিকাণ্ড আওয়ামী সন্ত্রাসীরাই ঘটিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১২ : গতকাল ব্রাহ্মণবাড়িয়ার পৃথক ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় তাদের হামলায় অন্তত চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গতকাল শহরের পূর্ব পাইকপাড়ার সাধন মহুরীর কাছে চাঁদা দাবি করে শহরের শীর্ষ সন্ত্রাসী মেড্ডার উজ্জ্বল ও সুমন। চাঁদা দিতে অস্বীকার করায় উজ্জ্বল ও সুমনের নেতৃত্বে ১০-১২ সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধন মহুরীর বাড়িতে হামলা চালায়। এতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে পলাশ, রনি, অন্তর, অমিত, পলাশ দেব, সাগর, শুভ ধর, রবিন দাস, দুলাল রায়কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে দুই যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারাকালে পুলিশ আটক করে। তবে জেলা যুবলীগ আটক করা দুই যুবককে তাদের কর্মী বলে দাবি করে। হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে শহর দারোগা বেলাল টিএ রোড এলাকা থেকে কাজীপাড়া এলাকার আলামিন ও এমদাদকে থানায় ধরে নিয়ে যায় এবং থানায় নিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে যুবলীগ দাবি করে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা করেন। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে চিকিত্সা দেয়া হয়।
কলাপাড়ায় জখম ১০ : পটুয়াখালীর কলাপাড়ায় টিউবওয়েলে গোসল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন জখম হয়েছে। রোববার উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলো মাসেদা, বাবুল মৃধা, মাসুদ, শহিদুল, সবুজ, জবিউল, আ. হক, সগির, সাহিদা বেগম ও আসমা।
আড়াইহাজারে আহত ১০ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেংগুর কান্দী সায়েদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ডেংগুর কান্দী গ্রামের ওমর আলী ও ইসলামপুরের জজ মিয়ার মধ্যে একটি মাছ ধরার জলাশয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অন্তত ২০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পেকুয়ায় আহত ৫ : কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ পাঁচজন আহত হয়েছে। গতকাল উপজেলার শীলখালী ইউনিয়নের কাচারীমুড়া এলাকার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সংঘর্ষে আহতরা হলো ছফুর আলী, লায়লা বেগম, মহিউদ্দিন, শাহিন আক্তার ও রিনা আক্তার। আহতদের উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে।
নাগরপুরে আহত ৪ : জমিবিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছে। আহতদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের খাষপাইকাল গ্রামে। আহতরা হচ্ছেন পান্নু মিয়া, জিয়ার উদ্দিন, কল্পনা আক্তার ও ফুরুঙ্গি বেগম।
বাগমারায় আহত ১ : রাজশাহীর বাগমারায় গতকাল এক পোলট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাদের হামলায় আহত ব্যবসায়ী শামীম হোসেনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভয়নগরে হামলা : যশোরের অভয়নগরে চাঁদার টাকা না পেয়ে গতকাল মেসবাহউদ্দিনের নেতৃত্বে তিন-চার সন্ত্রাসী উপজেলার মাগুরাবাজারের চিকিত্সক চৈতন্যকুমার মণ্ডলের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক আহত করেছে। এ সময় ইট দিয়ে ওই চিকিত্সকের মাথা থেঁতলে দেয়া হয়েছে এবং তার বাম হাতে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহতাবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরাবাজারে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়