লেখার সঙ্গে জীবনের তফাত থাকবে না’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার তারিখ: ০২-১১-২০১২ পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্প্রতি গত হয়েছেন। সাজ্জাদ শরিফ এবিসি রেডিওর এক অনুষ্ঠানে ৪ জানুয়ারি ২০১০ তারিখে তাঁর মুখোমুখি হয়েছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সে সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করা হলো। সাজ্জাদ শরিফ: আপনার জন্ম ১৯৩৪ সালে, পূর্ববঙ্গের ফরিদপুরে। আপনি তো বেশ বড় হয়েই গেছেন এখান থেকে। আপনার বিস্তর স্মৃতি আছে এখানকার। সুনীল গঙ্গোপাধ্যায়: আমার জন্ম মাদারীপুরে, আগে মহকুমা ছিল, এখন জেলা। আমাদের বাড়ি যে গ্রামে ছিল তার নাম মাইজপাড়া। আমার মামাবাড়ি ছিল ওরই কাছাকাছি আমগ্রাম বলে একটা জায়গায়। আমগ্রাম ও মাইজপাড়ায় আমার বাল্যকালের অনেকটা সময় কেটেছে। আমার বাবা কলকাতা শহরে শিক্ষকতা করতেন। ফলে আগে থেকেই আমরা কলকাতা গিয়ে থাকতাম। তবে বছরে দুবার তো আসতামই। এক মাস-দেড় মাস-দু মাস করে থাকতাম। আমার যেটা উজ্জ্বল স্মৃতি সেটা হলো, দ্বিতীয় মহাযুদ্ধের সময়, ১৯৪৩ সালে, কলকাতা শহরে বোমা পড়েছিল। তখন ভয...