বয়সজনিত অন্ধত্ব থেকে মিলবে মুক্তি
বয়সজনিত অন্ধত্ব থেকে মিলবে মুক্তি প্রথম আলো ডেস্ক | তারিখ: ১৫-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মানুষের চোখের সাধারণ কয়েকটি রোগের চিকিত্সায় স্টেম সেল ব্যবহারে জাপানের গবেষকেরা সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) চক্ষুরোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সায় ইনডিউস্ড প্লুরিপোটেন্ট স্টেম (আইপিএস) সেল ব্যবহার করা হবে। মধ্যবয়সী ও বৃদ্ধদের অন্ধত্বের একটি কারণ এই এএমডি। নতুন চিকিত্সাপদ্ধতিতে মানুষের ত্বকের কোষ থেকে আইপিএস সংগ্রহ করে জিনের সমন্বয়ে নতুন একধরনের কোষ তৈরি করা হবে। সেই কোষ চোখের রেটিনায় প্রতিস্থাপন করা হবে। এতে রোগীর স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে আনার জোরালো সম্ভাবনা রয়েছে। জাপানের সরকারনিয়ন্ত্রিত গবেষণা প্রতিষ্ঠান রাইকেন এবং বায়োমেডিকেল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরীক্ষামূলকভাবে নতুন চিকিত্সাপদ্ধতিটি প্রয়োগ করা হবে। এতে আগামী মাসের মধ্যেই সাফল্যের প্রত্যাশা করা হচ্ছে। এএফপি।