এমন ভুল যেন কেউ না করে
আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী | আপডেট: ১১:১১, সেপ্টেম্বর ০৯, ২০১৪ ০ Like প্রথমে ভেবেছিলেন পা দুটি উড়ে গেছে। পরে খেয়াল করে দেখেন, উড়ে যায়নি, ঝুলে আছে চামড়ায়। ঘুরে গেছে উল্টো দিকে। একজন যাত্রী পা দুটো ঘুরিয়ে গামছা দিয়ে বেঁধে দেন। এভাবে উপেন রবি দাসের দুর্বিষহ প্রতিবন্ধী জীবনের শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপেন ট্রেনের সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিলেন। রেললাইনের পাশে দাঁড়ানো ছিল একটি ট্রাক। চোখের পলকে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এরপর আড়াই মাস ধরে তিনি পড়ে আছেন হাসপাতালের বিছানায়। এখন নিজের ভুলের জন্য নিজেকেই অভিশাপ করছেন। উপেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছেন। বাড়ি রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার বাকির মোড়ে। বাবা নেই। ভাই দীপেন রবি দাস কাকার জুতার দোকানে কাজ করেন। সেলাই, পালিস, নতুন করে বানানো—সবই করেন। তিনি ছোট ভাই উপেনের পড়ালেখার খরচ টানেন। মাঝেমধ্যে কাকারাও সহযোগিতা করেন। গত ১৪ জুন উপেন গিয়েছিলেন দিনাজপুরে। বন্ধুর বোনের বিয়েতে। একসঙ্গে ১৫ জন বন্ধু...