মার্গারেট থ্যাচারের চিরবিদায় : সাংঘর্ষিক রাজনীতি ও দেশ বিভক্তকরণের পরিণাম
শফিক রেহমান 22 বুধবার ১৭ এপ্রিল, ২০১৩ সকাল এগারোটায় লন্ডনের সিটি এলাকায় সেইন্ট ক্লিমেন্টস ডেনস থেকে গ্রেট বৃটেনের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট হিলডা থ্যাচার-এর মরদেহের কফিন নিয়ে সেইন্ট পলস ক্যাথিড্রাল অভিমুখে যাত্রা শুরু করবে একটি মিছিল। এই কফিনটি ঢাকা থাকবে বিশ্বে সুপরিচিত ইউনিয়ন জ্যাক নামে গ্রেট বৃটেনের পতাকা দিয়ে। কফিনের চারপাশে থাকবে ফুল। সেইন্ট ক্লিমেন্টস ডেনস থেকে সেইন্ট পলস ক্যাথিড্রাল পর্যন্ত যেতে উনিশ মিনিট সময় লাগবে। মিছিলটি যখন যাবে তখন কাছেই টেমস নদীর ওপরে অবস্থিত লন্ডন বৃজ থেকে মার্গারেট থ্যাচারের প্রতি শ্রদ্ধাসূচক উনিশবার গান স্যালিউট বা তোপধ্বনি করা হবে। অর্থাত্ যাত্রার প্রতিটি মিনিটের জন্য একটি তোপধ্বনি হবে। যদি মিছিলটি যেতে বেশি সময় লাগে, তাহলে প্রতি মিনিটে একটি করে গান স্যালিউট চলতে থাকবে। যাত্রাপথে তিনটি মিলিটারি ব্যান্ড ধর্মীয় এবং উচ্চাঙ্গ সুরে বাজনা বাজাবে। সামরিক বাহিনীর সাতশো সদস্য মিছিলে থাকবে। এই জাকজমকপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বৃটিশ সরকারের খরচ হবে এক কোটি পাউন্ড বা বাংলাদেশি প্রায় ১২০ কোটি টাকা। বৃটেনের বর্তমান...