এক আত্মপ্রত্যয়ী নারী
লতিফা আকন্দ | আপডেট: ০০:০২, মার্চ ৩১, ২০১৪ | প্রিন্ট সংস্করণ নুরুননাহার ফয়জননেসা এখন নেই, কোথাও নেই। তাঁর আত্মা অমরত্ব পেয়েছে নীল গগনে নীহারিকা হয়ে। তিনি এখন স্মৃতিতে ঠাঁই পেয়েছেন। কত কথা আমরা ভুলে যাই, হারিয়ে ফেলি কত স্মৃতি। তারই মাঝে কিছু কিছু স্থায়িত্ব পায় আমাদের চেতনায়। এই নিজের চেতনা, নিজ নিজ উপলব্ধিনির্ভর এবং একটি সরলরেখায় গ্রন্থিত করা যায় না। সেদিন সাখাওয়াত মেমোরিয়াল অ্যালামনাই অ্যাসোসিয়েশনে তাঁর স্মরণে মিলিত হয়েছিলাম ১ নম্বর নিউ বেইলি রোডে। অধ্যাপক নওশাবা শুরুতে বললেন, ‘নাহার আপাকে এখন পাস্ট টেন্সে সম্বোধন করছি। কদিন আগেই তিনি বর্তমানে ছিলেন, নিমেষে অতীতের গর্ভে চলে গেলেন।’ রোকেয়া হলের একজন হাউস টিউটর কান্নায় ভেঙে পড়ে বললেন, ‘আমরা কাউকে না-বলা গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তাঁকেই বলতাম। তিনি সমাধানের ক্ষেত্রে আমার জীবনে অনন্য অবদান রেখেছেন। তিনি ছিলেন প্রবল আত্মবিশ্বাসী ও উদারমনা। উদার মানবিক গুণ যাঁর, তিনিই অপরের দুঃখের সমস্যার সমাধান খোঁজেন তাঁর অন্তরঙ্গ আলোকে।’ এগুলো তাঁর প্রচারের বিষয় ছিল না। ...