মেডিকেল ভর্তি পরীক্ষা ও ফল প্রশ্নবিদ্ধ
শেখ সাবিহা আলম | ২১ সেপ্টেম্বর, ২০১৫ স্বাস্থ্য অধিদপ্তর যখন সংবাদ সম্মেলন করে পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার দাবি করছে, তখন মেডিকেল কলেজে ভর্তির ‘ফাঁস’ হওয়া প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর চলমান অভিযোগের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর গতকাল রোববার দুপুরের আগেই অনেকটা তড়িঘড়ি করে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করল। অবশ্য এ ফলকে এবার ‘ভালো’ বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ছেলেমেয়েরা এবার খুব পড়ালেখা করেছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীসহ দেশের কমপক্ষে আটটি জেলায় গতকাল সকাল থেকে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, মিছিল ও মানববন্ধন করেছেন। মেডিকেলে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কমিটির একজন নেতা বলেছেন, তাঁরাও মনে করেন, প্রশ্ন ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে অবিশ্বাস্য দ্রুততায় ফল প্রকাশ ও নম্বরের বাড়াবাড়ি দেখে। পরীক্ষা বাতিলের দাবি জ...