কলাপাড়ায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ভাংচুর : কালকিনিতে কৃষক লীগ নেতার রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা



ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদলের সহসাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা।
এদিকে গতকাল নোয়াখালীর কবিরহাটে সাপ্তাহিক আলোকিত সৌরভের প্রধান সম্পাদকের বাড়িতে সন্ত্রাসীদের হামলা। লক্ষ্মীপুরের রামগঞ্জে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতার রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গাইবান্ধার সাঘাটায় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের ওপর সন্ত্রাসী হামলা। প্রতিনিধিদের পাঠানো খবর—
কলাপাড়ায় আহত ১ :
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিটন গাজীকে ছাত্রলীগের ৪-৫ সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। গতকাল উপজেলা বিচারিক হাকিম আদালতে জিআর মামলায় হাজিরা দিতে এলে তিনি এ হামলার শিকার হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কবিরহাটে আহত ৫ : নোয়াখালীর কবিরহাটে গতকাল চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সৌরভের প্রধান সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াদুদের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা ভাংচুর চালায়। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে পুলিশ হামলার মূল হোতাকে আটক করেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আবদুল হাইয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এ সময় সাংবাদিক ওয়াদুদের মা ওবিদা খাতুন, ভাই মাসুদ, হেলাল, বোন কাজলসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে গুরুতর আহত মাসুদকে কোম্পানীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
রামগঞ্জে আহত ৫ : লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বুধবার দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ ফরিদ হোসেনসহ সুজন, মুরাদ ও রহিমসহ অন্তত ৫ জন আহত হয়। গুলিবিদ্ধ ফরিদ হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
কালকিনিতে আহত ১ : মাদারীপুরের কালকিনিতে গতকাল জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক লীগের প্রচার সম্পাদক হারুন হাওলাদারের হাতের রগ কেটে নিয়েছে সন্ত্রাসীরা। মজু হাওলাদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নড়াইলে লাঞ্ছিত : যানবাহন থেকে চাঁদা আদায়ের ছবি তুলতে গিয়ে নড়াইলে তুলারামপুর হাইওয়ে পুলিশের হাতে দৈনিক যুগান্তর ও এসএ টিভির নড়াইল জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন টিপু লাঞ্ছিত হয়েছেন। এ সময় তার ক্যামেরাটি গুঁড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুনসহ কয়েক কনস্টেবল নড়াইল-যশোর সড়কের তুলারামপুরে নসিমন থামিয়ে চাঁদা নিচ্ছিলেন। এ দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে এসআই হুমায়ুন সাংবাদিক টিপুকে হাতে সজোরে আঘাত করেন। এ সময় ক্যামেরাটি আছড়ে ভেঙে ফেলে। পরে টিপুকে কিল-ঘুষি মারতে থাকেন হুমায়ুনসহ কয়েক কনস্টেবল।
সাঘাটায় আহত ১ : গাইবান্ধার সাঘাটায় গতকাল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাদেকুল ইসলামের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্মর জখম করা হয় তাকে। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ফুলপুরে আহত ১ : ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবেশী ছিনতাইকারী চালককে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালানোর সময় তাকে আটক করে ধোলাই দিয়েছে জনতা। পুলিশ জনতার হাত থেকে ছিনতাইকারী ও সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়মনসিংহ ব্রিজ থেকে বুধবার তিন যাত্রী আবদুল মোতালেবের সিএনজি গাড়িতে ওঠে। পরে উপজেলার তারাকান্দা থানার বারইপুুরিয়ায় আসার পর সিএনজি থামিয়ে চালককে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে চালকের চিত্কারে আশেপাশের লোকজন এসে সিএনজিসহ ছিনতাইকারীদের আটক করে ধোলাই দেয়। ছিনতাইকারীরা হলো—লিটন মিয়া, শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম। আহত আবদুল মোতালেবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়