৩৬ ঘণ্টার হরতাল চলছে : যশোর না.গঞ্জ চকরিয়া নোয়াখালীসহ বিভিন্ন স্থানে আ.লীগ ও পুলিশের হামলা : কাল শিবিরের হরতাল



স্টাফ রিপোর্টার
পরের সংবাদ»
সংঘর্ষ, ভাংচুর ও গ্রেফতারের মধ্য দিয়ে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে। আজ সন্ধ্যা ৬টায় এ হরতাল শেষ হবে। এদিকে কেন্দ্রীয় সভাপতিকে রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবিতে আগামীকাল বৃহস্পতিবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। এতে টানা চার দিনের হরতালের কবলে পড়েছে দেশ। জনজীবনে বিরাজ করছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। পিকেটার, পুলিশ, সরকার সমর্থক ও সাধারণ মানুষ সবাই রয়েছেন অস্বস্তিতে। গতকাল বগুড়ায় পিকেটারদের ইটের আঘাতে এক ট্রাকচালক নিহত হন। কক্সবাজারের চকরিয়ায় পিকেটারদের ধাওয়া খেয়ে ‘চাঁদের গাড়ি’ উল্টে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতরাতে ২০টি গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
হরতালের প্রথমদিনে গতকাল ভয়াবহ সংঘর্ষ হয়েছে যশোর, নারায়ণগঞ্জ, কক্সবাজারের চকরিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সংঘর্ষ হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ, নোয়াখালী, হবিগঞ্জ, নীলফামারীতেও। এদিকে মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল চলছে।
দেশের বিভিন্ন স্থানে মিছিলে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সারাদেশে পুলিশ গ্রেফতার করেছে তিন শতাধিক। পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দেন। হরতালে দূরপাল্লার গাড়ি চলেনি। স্কুল-কলেজ ছিল বন্ধ। 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ শীর্ষ নেতাদের কারাবন্দি করার প্রতিবাদসহ চার দফা দাবিতে ১৮ দলীয় জোট দুইদিনের হরতাল পালন করছে। 
বেশ কয়েকটি জেলায় হরতাল সমর্থকদের সঙ্গে সরকারদলীয়দের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে যশোরে বিএনপির মিছিল ও অফিস লক্ষ করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে সরকারদলীয় ক্যাডাররা। ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত হয়েছেন যুবদল নেতা। হামলা থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। নারায়ণগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণে সাতজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। পুলিশ দুই যুবদল কর্মীকে আটক করেছে। গুলিবিদ্ধ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ায় পিকেটারদের ইটপাটকেল নিক্ষেপে খোকন মিয়া (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে অজ্ঞাত দুর্বৃত্তরাই ওই ট্রাকচালককে হামলা করেছে বলে স্থানীয়রা বলছে। পরে নিশিন্দারা এলাকা থেকে পুলিশ ৬ পিকেটারকে আটক করেছে।
হবিগঞ্জে হরতালের সমর্থনে পিকেটিংকালে আওয়ামী লীগ বাধা দিলে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে উভয় দলের ১০ জন আহত হয়। এ সময় ৫টি দোকান ভাংচুর করা হয়। লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এতে সাতজন আহত হয়। শ্রীমঙ্গলে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা চালালে সেখানে সংঘর্ষ বেধে যায়। এতে ৫ জন আহত হয়। রাজশাহীতে হরতালের সমর্থনে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তাতে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। বরিশালে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কুষ্টিয়ায় হরতালকারীরা অটোরিকশা ও কয়েকটি দোকান ভাংচুর করেছে। কুমিল্লায় সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা। গতকালও ছাত্রলীগের সেই অস্ত্রধারী নেতা মাসুমের নেতৃত্বে চট্টগ্রামে মাদরাসায় অস্ত্রসহ হামলা চালানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে দুপুর থেকে মাদরাসার সামনে পুলিশ ও বিজিবি অবস্থান নিয়েছে। বিএনপির শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার পৃথকভাবে নোয়াখালীতে হরতাল ডেকেছে জেলা বিএনপি।
নয়াপল্টনে দুদুকে আটকের চেষ্টা, ধ্বস্তাধ্বস্তি : বিএনপির দফতরের দায়িত্ব পেলেই সংশ্লিষ্ট নেতাকে গ্রেফতার করছে পুলিশ। যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গ্রেফতারের পর দফতরের দায়িত্বপ্রাপ্ত হয়ে গতকাল সকাল সোয়া ৮টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। কার্যালয়ে প্রবেশের সময় ডিবি পুলিশ তাকে আটকের চেষ্টা করে। টানাহেঁচড়া করেও আটকে ব্যর্থ হয়। গেটে অবস্থানকারী কয়েকজন কর্মী টেনে তাকে ভেতরে নিয়ে যান। এ সময় ডিবি পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। এতে তিনি অসুস্থ বোধ করেন ও কার্যালয়ে বিশ্রাম নেন। পরে সাংবাদিকদের বলেন, গণতন্ত্র আজ পুলিশের বুটের নিচে পিষ্ট। বিরোধী দলের আন্দোলনে ভয় পেয়ে সরকার মহাসচিবসহ দলের সব দায়িত্বশীল নেতাকে কারাগারে নিয়েছে। চেয়ারপার্সন খালেদা জিয়া আর কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ছাড়া বাইরে কেউ নেই। 
গত সোমবার থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। আশেপাশের এলাকায় র্যাব-পুলিশের কড়া প্রহরা। 
গতকাল বিকালে সারাদেশের হরতালচিত্র সাংবাদিকদের জানান শামসুজ্জামান দুদু। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল কখনও জরুরি অবস্থা জারি করে না, সরকারই তা করে। বর্তমান সরকারই জরুরি অবস্থা আনতে চাইছে এবং এর দায় আমাদের ওপর চাপাতে চাইছে। সরকারের কথা বলার ভাষা ও ভঙ্গি পরিবর্তন করার আহ্বান জানান তিনি।
‘আগামী এক মাসের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে যাবে’ ইউরোপীয় ইউনিয়নকে দেয়া অর্থমন্ত্রীর এমন আশাবাদ প্রসঙ্গে দুদু বলেন, সরকার চাইলে এটা সম্ভব। এক মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে বিএনপি খুশি হবে। তিনি বলেন, অর্থমন্ত্রী যদি আমাদের ১৮ দলের গ্রেফতারকৃত দুই শতাধিক নেতাকর্মীর বিষয়টি বিবেচনায় নিয়ে এ কথা বলেন তা হলে আমরা আশা করব তাদেরকে ছেড়ে দেয়া হবে। সেই সঙ্গে তত্ত্বাবধায়কসহ বিরোধী দলের দাবি-দাওয়া মানা হবে। 
‘নেতাকর্মীদের আটক করে সরকার সমঝোতার ক্ষেত্র তৈরি করতে চায়’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের উদ্দেশ্য সত্ হলে নেতাকর্মীদের জেলে নেয়া হয়েছে কেন? গোপনে সমঝোতায় যাওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই সবাইকে চিনি, খোলামেলা আলোচনা করা সম্ভব। 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম, আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এদিকে স্বতঃস্ফূর্ত হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আজও একইভাবে জনগণের সমর্থন চেয়েছে জামায়াতে ইসলামী। গতকাল দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ক্যাডার এবং পুলিশ বাহিনীর সন্ত্রাস ও নৈরাজ্য উপেক্ষা করে দেশবাসী হরতাল পালন করে এ সরকারের বিরুদ্ধে তাদের অনাস্থা জ্ঞাপন করেছে। তিনি বলেন, দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সারাদেশে জামায়াত-শিবিরের ৬৫ নেতাকর্মীকে গ্রেফতার এবং দুজন গুলিবিদ্ধসহ ২১ জনকে আহত করা হয়েছে। 
কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির : ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেফতারের পর রিমান্ডের নামে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মম নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তি দাবিতে কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
গতকাল এক বিবৃতিতে ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আওয়ামী জালেম সরকার গত ৩১ মার্চ অন্যায়ভাবে কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মিথ্যা মামলায় তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। নিয়মানুযায়ী মোহাম্মদপুর থানার মামলা হওয়ায় সে থানায়ই তদন্ত কর্মকর্তা শিবির সভাপতিকে রিমান্ডে নেয়া স্বাভাবিক হলেও তিনি সেখানে নেই। কোথায় আছেন—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউই মুখ খুলছে না। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি, শিবির সভাপতিকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে। নির্মম নির্যাতনের ফলে তিনি ক’দিন অচেতন অবস্থায়ও পড়ে ছিলেন। তিনি মুমূর্ষু অবস্থায় আছেন। শুধু তাই নয়, নির্মম নির্যাতনের পাশাপাশি তার পরিবারকেও হয়রানি করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে দেলাওয়ারের সন্ধান নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নিরুপায় হয়ে সন্তানের সঙ্কটাপন্ন জীবন থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মা। অবিলম্বে শিবির সভাপতিকে নির্যাতন বন্ধ ও মুক্তি দাবির পাশাপাশি কাল ঘোষিত হরতাল সফলের আহ্বান জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল। 
রাতে ২০ গাড়িতে আগুন ভাংচুর, কক্সবাজারে পিকেটারদের ধাওয়া খেয়ে গাড়ি উল্টে নিহত ১ আহত ১০ : গতরাতে এ রিপোর্ট লেখার সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বেশকিছু গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গুলশান-২ এ একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। 
কক্সবাজারের চকরিয়ার আজিজনগরে পিকেটারদের ধাওয়ায় চাঁদের গাড়ি উল্টে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। এ সময় ৭টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকাবাসী এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রামে মহসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। 
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় ৭টি গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগরায় বাইপাস সড়কে দুটি বাসে আগুন দেয়া হয়েছে। নওগাঁয় ৩টি টেম্পো ভাংচুরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রংপুরে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও আগুন দেয়া হয়েছে।
যশোরে আ.লীগ ক্যাডারদের বৃষ্টির মতো গুলি-বোমা নিক্ষেপ : যশোরে হরতাল প্রতিহত করার নামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বৃষ্টির মতো বোমা-গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। দোকানপাট ছাড়াও সন্ত্রাসীরা ভাংচুর করে একটি বেসরকারি হাসপাতাল, বোমা মারে বিএনপি অফিসে। শহরের প্রাণকেন্দ্রে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই তাণ্ডব বিপুলসংখ্যক পুলিশ নীরবে দাঁড়িয়ে প্রত্যক্ষ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দড়াটানায় আওয়ামী লীগের পুরনো অফিস আলী মঞ্জিলের ছাদ থেকে পরপর কয়েকটি বোমা ছুড়ে মারা হয় রাস্তায়। এ সময় অদূরেই বিএনপি কর্মীরা পিকেটিং করছিল। বোমা হামলার মুখে পড়ে বিএনপি কর্মীরা পিছিয়ে জেল রোড এলাকায় চলে যায়। অল্প সময়ের মধ্যে দড়াটানা এলাকা থেকে সাদা কাপড়ের মুখোশধারী আওয়ামী লীগ ক্যাডাররা ভৈরব নদের ব্রিজ পার হয়ে হাসপাতাল ও জেল রোড এলাকায় ঢুকে পড়ে। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিএনপি কর্মীরা কয়েকটি বোমা ছুড়ে মারে প্রতিপক্ষের প্রতি। জবাবে বোমা ও গুলিবৃষ্টি করতে থাকে আওয়ামী লীগ। এ অবস্থায় বেশি সময় টিকে থাকতে পারেনি বিএনপি কর্মীরা।
এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও দড়াটানা এলাকায় দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে বোমা বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে তারা।
আওয়ামী লীগ ক্যাডাররা বেশকিছু দোকানপাট, হাসপাতাল ভাংচুর করে। তারা লোকসমাজের ফটোসাংবাদিক হানিফ ডাকুয়া এবং বণিকবার্তা ও দৈনিক স্পন্দনের সাংবাদিক আবদুল কাদেরের মোটরসাইকেল ভাংচুর করে। হানিফ ডাকুয়া, প্রথম আলোর ফটোসাংবাদিক এহসান মিথুন, দৈনিক গ্রামের কাগজ ও বাংলার চোখের ফটোসাংবাদিক এমএ মানিক, গ্রামের কাগজের ফটোসাংবাদিক বাবু, ফটোসাংবাদিক সাঈদসহ বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন। ফটোসাংবাদিকদের গলায় ধারালো অস্ত্র ও বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা তাদের ছবি তোলা বন্ধ করতে নির্দেশ দেয়।
না.গঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ : হরতালের প্রথম দিন নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সাতজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে। গুলিবিদ্ধ একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে। 
ভোর ৬টায় শহরের কুমুদিনী ওয়েলফেয়ারের সামনে থেকে মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কালির বাজারের সামনে এলে পুলিশ তাতে বেধড়ক লাঠিচার্জ ও গুলিবর্ষণ শুরু করে। এতে ১১নং ওয়ার্ড যুবদল নেতা ইমন হোসেনসহ ৫ জন গুলিবিদ্ধ এবং লাঠিচার্জে ১০ জন আহত হয়। মাথায় গুলিবিদ্ধ ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর ২০ মিনিট পর পুলিশের গুলিবর্ষণে মহানগর যুবদলের কর্ম জসিম ও বায়েজিদ গুলিবিদ্ধ হয়। লাঠিপেটায় মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খোরশেদসহ যুবদলের আরও ১০ নেতাকর্মী আহত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাব ও বিজিবির টহল বৃদ্ধি করে।
চকরিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০ : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে দু’দিনের হরতালের প্রথম দিনে গতকাল কক্সবাজারের চকরিয়ায় মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত তিন দফা সংঘর্ষে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পাঁচ বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোহাম্মদ জাকারিয়া নামে এক বিএনপি নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন আহম্মেদের জন্মস্থান পেকুয়া উপজেলায় সংঘর্ষের ঘটনা না ঘটলেও নির্মাণাধীন বাঁশখালী-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের বাঘগুজরা এলাকায় রাস্তা কেটে দিয়েছেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। সোমবার রাত থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। কক্সবাজার শহরেও বিক্ষোভ মিছিলকালে বিএনপির একদল নেতাকর্মী শহরের প্রধান সড়কে গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে। এ সময় গুলিবর্ষণের ঘটনায় একজন পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। 
শ্রীমঙ্গলে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৩০ : সংঘর্ষ ও ভাংচুরের মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে শহরে একাধিক স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র ও যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ১০টি দোকান। এ সময় পুলিশ বিএনপির ৪ কর্মীকে গ্রেফতার করেছে। এসব ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাব ও বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। 
ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল চলছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন না দিয়ে আদালত কারাগারে প্রেরণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভের বিএনপির ডাকা রোববার বিকাল থেকে অনির্দিষ্টকালের হরতাল চলছে। গতকাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ও শহরজুড়ে চলতে থাকে খণ্ড খণ্ড মিছিল। পিকেটাররা সকাল থেকে শহরের চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড, ভুল্লী, খোঁচাবাড়ি, ও টাঙ্গন ব্রিজ এলাকায় প্রায় ২৫টি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন ভাংচুর করে।
নোয়াখালীতে আ.লীগের হামলা : হরতালের সমর্থনে নোয়াখালীর চৌমুহনী, মাইজদী, ছয়ানি বাজার, দত্তেরহাট, সোনাপুর, সোনাইমুড়ী, কবিরহাট, ও সুবর্ণচর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ ও পিকেটিং করেছে। পিকেটিংকালে কবিরহাটে বিএনপি নেতাকর্মদের ওপর শাসকদলীয় ক্যাডাররা হামলা চালায়। এতে কবিরহাট উপজেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেন মাসুদসহ ৫ নেতকর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে দাওয়া করলে শাসকদলীয় ক্যাডাররা পিছু হটে। এ সময় পিকেটাররা ২টি সিএনজি ভাংচুর করে।
কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সম্পাদক জাহেদুর রহমান রাজনের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মুজিব কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল হক তৌহিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে আ.লীগ সন্ত্রাসীরা। এদিকে হরতাল সমর্থনকারীরা বিভিন্ন স্থানে ১০টি গাড়ি ভাংচুর করে। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। 
নীলফামারীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ : পুলিশ বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আর সড়ক অবরোধের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন নীলফামারীতে অতিবাহিত হয়েছে। গতকাল দুপুরে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় থেকে চৌরঙ্গী যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতর হয়েছেন পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, গোলাম আজম, বাবু, তারিক প্রমুখ।
হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ : হরতাল চলাকালে গতকাল হবিগঞ্জ শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ ও আওয়ামীলীগ নেতা ইউসুফ আলীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। হরতালের সমর্থনে মিছিল আ.লীগ বাধা দিলে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল গ্যাস এবং ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনোহরগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ : কুমিল্লার মনোহরগঞ্জ আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দুই যুবদল নেতা গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে হরতালের সমর্থনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিল চলাকালে দোকানের সার্টারে হাত দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও যুবদলকর্মী মঞ্জুরুল ইসলাম আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়