জাতিসংঘে ভাষণ দেবেন মালালা


ইনকিলাব ডেস্ক : আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। গত শুক্রবার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের বিশেষ দূত গর্ডন ব্রাউনের কার্যালয় এ ঘোষণা দিয়েছে। গর্ডন ব্রাউন জানান, আগামী ১২ জুলাই নিজের ১৬তম জন্মদিনে নিউইয়র্কের জাতিসংঘ সম্মেলনে প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দেবেন তিনি। রয়টার্স ও এএফপি।
জাতিসংঘের শিক্ষা বিভাগের বিশেষ দূত ব্রাউন বলেন, বিশ্বজুড়ে নারী শিক্ষার জন্য মালালা একটি অনন্য অনুপ্রেরণা ও উজ্জ্বল আলোকবর্তিকা। তার সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসায় আমি পঞ্চমুখ। তিনি বলেন, আমি নিশ্চিত নারী ও শিশু শিক্ষার জন্য তার এই প্রচারণা একদিন তাকে বিশ্ব নেতা হিসেবে গড়ে তুলবে। গর্ডন ব্রাউনের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় চার হাজার তরুণ-তরুণী মালালার প্রথম বক্তব্য শুনতে সম্মেলনে উপস্থিত থাকবে। নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলায় গত বছরের ৯ অক্টোবর তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন এই অধিকারকর্মী। পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অস্ত্রোপচার শেষে সেরে ওঠেন মালালা এবং যুক্তরাজ্যের একটি স্কুলে ক্লাস করা শুরু করেন। নিজের স্মৃতি প্রকাশে ইতোমধ্যে যুক্তরাজ্যের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে ৩০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছেন তিনি। এছাড়া, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের চূড়ান্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন নারী শিক্ষার আলোকবর্তিকা মালালা।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়