১৮ দলের ৩৬ ঘণ্টার হরতাল শুরু, চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপি-আ.লীগ সংঘর্ষ : বিএনপির যুগ্মমহাসচিব সালাউদ্দিন আহমেদ গুলশান কার্যালয় থেকে গ্রেফতার



স্টাফ রিপোর্টার
« আগের সংবাদ পরের সংবাদ»
নেতাকর্মীদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্য দিয়েই আজ সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল। ৩৬ ঘণ্টার টানা এ হরতাল শেষ হবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায়। গতকাল হেফাজতে ইসলামের হরতাল শেষ না হতেই পিকেটিং শুরু করে দেয় বিএনপি ও জোটের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করে তারা। রাতে রাজধানীতে বেশকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গতরাত ১০টায় গুলশানে দলীয় নেতা এম মোরশেদ খানের বাসা থেকে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে। এর আগে তিনি বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ছিলেন। এর প্রতিবাদে কক্সবাজার চকরিয়া ও পেকুয়ায় গতরাতে ব্যাপক ভাংচুর করেছে দলীয় নেতা কর্মীরা। বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। ঠাকুরগাঁয়ে অনির্দিষ্টকালের এবং বগুড়ায় ৪৮ ঘণ্টা হরতাল ডাকা হয়েছে। লক্ষ্মীপুরে বৃহস্পতিবারও হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ শীর্ষ নেতাদের কারাবন্দি করার প্রতিবাদসহ চার দফা দাবিতে ১৮ দলীয় জোট দু’দিনের হরতালের ডাক দেয়। গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করতে আহ্বান জানানো হয়েছে। সরকারের যেকোনো নির্যাতন প্রতিরোধ করে রাজপথে থাকতে নেতাকর্মীদের বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়। প্রায় সব শীর্ষ নেতাকে কারারুদ্ধ করায় তৃণমূলকে দায়িত্ব নিয়ে স্বৈরাচারী সরকার পতন ত্বরান্বিত করতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও আহ্বান জানানো হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আমার দেশকে বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের অমানবিকভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতাদের মুক্তি দাবি করে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে অতীতে কেউ বাধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানানোর পাশাপাশি নেতাকর্মীদের কঠোর আন্দোলনে তৈরি থাকতে বলেন।
এদিকে রোববার বিকালে হরতাল আহ্বানের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে ডিবি মহড়া দিচ্ছে। বিএনপি নেতারাও দলীয় কার্যালয় তালাবদ্ধ রেখেছে। ভেতরে কর্মচারী ছাড়া দলীয় কোনো নেতা নেই।
হরতালে নিরাপত্তার জন্য রোববার সন্ধ্যা থেকেই রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশও নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে। হরতালে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৩ এপ্রিল শনিবার নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু, যুববিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আাালাল ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর প্রতিবাদ, সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি, গণহত্যার প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সরকারের পদত্যাগের দাবিতে দু’দিনের হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদ সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেন।
সালাহউদ্দিন আটক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। গতরাত ১০টায় গুলশানে দলীয় নেতা এম মোরশেদ খানের বাসা থেকে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। এর আগে তিনি বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান আমার দেশকে জানান, দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে সালাহউদ্দিন আহমেদ বিএনপির নয়া পল্টন অফিসের দিকে রওনা হয়েছিলেন। সেই মুহূর্তে তাকে আটক করা হয়।
গুলশান কার্যালয়ে ১৮ দলের ৩৬ ঘণ্টার হরতালসহ দলের গ্রেফতার হওয়া সিনিয়র নেতাদের বিষয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। ১১ মার্চ ১৫৪ নেতাকর্মী গ্রেফতার হওয়ার পর তিনি বিএনপির দফতরের কাজ সমন্বয় করছিলেন।
কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া : কক্সবাজারের কৃতী সন্তান সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপি আগামী বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তার নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলা অগ্নিগর্ভ হয়ে ওঠেছে। বিএনপি ও সালাহউদ্দিন আহমেদ ভক্তরা কক্সবাজার শহর, চকরিয়া চিরিঙ্গা স্টেশন ও পেকুয়া বাজারে ব্যাপক ভাংচুর চালিয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ভাংচুর চলছে। চকরিয়া ও পেকুয়া স্টেশনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। চকরিয়া স্টেশনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশও যোগ দেয়।
রাত পৌনে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা কক্সবাজার শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরে বার্মিজ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে বাজারঘাটা পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ভাংচুর করে। এ সময় অন্তত ৩টি পিকআপ, ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। মিছিল থেকে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণও করা হয়।
রাজধানীতে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণ : রাজধানীতে গতকাল কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলশান এলাকায় কে বা কারা একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে। এ ঘটনায় কেউ নিহত ও আহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি। ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন যানবাহনে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটল।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, কয়েকজন দুর্বৃত্ত দাঁড়ানো অবস্থায় একটি প্রাইভেট কারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। হরতালকারীরা আগুন দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে কাওরান বাজারে সন্ধ্যা পৌনে ৬টায় হোটেল সুপার স্টারের সামনে কে বা কারা একটি সিএনজিচালিত অটোয় আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা এর আগুন নেভায়।
বিকাল ৩টায় মহাখালী ফ্লাইওভারের কাছে কে বা কারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। রাজধানীর সূত্রাপুর বাহাদুর শাহ পার্কের সামনে বিকাল সোয়া ৫টায় দুই বোতল পেট্রোলসহ সাইফুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, আটককৃত যুবক একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার চেষ্টা করছিল।
৩ পার্বত্য জেলা হরতালের আওতামুক্ত : উপজাতীয়দের ‘বৈশাবী-বিজু-সাংড়াই’ উত্সবের জন্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিনটি পার্বত্য জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। গতসন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
আমদের ব্যুরো, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা জেলা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় নেতাদের কারামুক্তি ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অপর্না রায় দাস, ওমর শাহনেওয়াজ, হাজী ঈশা খান, আজাদ হোসেন, মোকারম হোসেন সাজ্জাদ, আউয়াল ভূঁইয়া, সোহেল রানা, নারগিস বেগম, বুলেট প্রমুখ।
চট্টগ্রাম : চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ও ছাত্রলীগ একাট্টা অবস্থান নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিলের ওপর মুহুর্মুহু গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতারা। এতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে নগর বিএনপির পক্ষ থেকে। সংঘর্ষ চলাকালে বেশকিছু যানবাহন, দোকানপাট ও অফিসে ভাংচুরের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনপোল এলাকার রিয়াজউদ্দিন বাজারের মুখে দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, গতকাল সরকারের নৈতিক পরাজয় হয়েছে।
ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের নতুনবাজার এলাকায় বিএনপি অফিসে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডাররা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়। ঘটনার পর শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে শহরের চরপাড়া এলাকা থেকে হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের একটি মিছিল গাংনিরপাড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। একপর্যায়ের হেফাজত কর্মীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডাররা পালিয়ে যায়। পরে হরতালবিরোধীরা বিক্ষোভ মিছিল নিয়ে নতুনবাজার এলাকায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় শহরের ওল্ড পুলিশ ক্লাব রোডের একটি রেস্তোরাঁয়ও আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়। শহরে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার দিন বিকালে ১৪ দলের নেতারা সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হেফাজতের নামে বিএনপি-জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলার চেষ্টা করে। ইট-পাটকেলের আঘাতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ সময় পুলিশের ভূমিকা সন্দেহজনক ছিল বলেও দাবি করেন তিনি।
ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমদ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রাজশাহী : হরতালের সমর্থনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। গতকাল মহানগরীর ভুবন মোহন পার্ক থেকে বিএনপির যুগ্ম মহাসিচব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে বক্তব্য দেন, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, নজরুল হুদা, রফিকুল ইসলাম দুলাল ও মহানগর যুবদল আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
সিলেট : ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে সিলেট মহানগর বিএনপি গতকাল সন্ধ্যায় স্থানীয় কোর্ট পয়েন্ট থেকে এক মিছিল বের করে। মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, ক্ষমতালিপ্সু জুলুমবাজ-হামলাবাজ-মামলাবাজ হাসিনা সরকার বিরোধীদলীয় শীর্ষ নেতাদের একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে আটক করছে।
খুলনা : ৩৬ ঘণ্টার হরতাল সফল করার লক্ষ্যে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। গতকাল নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু সংসদ সদস্য।
বগুড়া : বগুড়ায় ৩৬ ঘণ্টার পরিবর্তে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন। ফলে আজ সকাল ৬টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হলেও বগুড়ায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে।
ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল চলছে। জেলা বিএনপির পক্ষ থেকে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের এ হরতালের ডাক দেয়া হয়।
কুমিল্লা : কুমিল্লায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি ও ছোটখাটো কমপক্ষে ২০টি যান ভাংচুর করা হয়। এতে আহত হয় কমপক্ষে ১৫ জন।
যশোর : হরতালের সমর্থনে গতকাল ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ পালিত হয়েছে। সমাবেশে বক্তৃতাকালে জোট নেতারা বলেন, বিএনপির শীর্ষ নেতাদের কারাগারে পাঠিয়ে সরকার নিজের কবর রচনা করেছে। নেতাদের নিঃশর্ত মুক্তি না দিলে আন্দোলন গড়ে উঠবে।
মুন্সীগঞ্জ : ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে গতকাল মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতা করেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপি সভাপতি আ. হাই, আলী আসগর রিপন মল্লিক, এ কে এম ইরাদত, আতোয়ার হোসেন, আ. আজিম স্বপন প্রমুখ।
লক্ষ্মীপুর: বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা লক্ষ্মীপুর জেলায় হরতাল ডেকেছে জেলা বিএনপি। গতকাল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে শহরের উত্তর তেমুহনীতে এক সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান এ হরতাল ঘোষণা করেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের পুরনো বাসস্টেশন থেকে মিছিল বের করে বিএনপি।
ঝালকাঠি : হরতালের সমর্থনে গতকাল জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল শহরে ঝটিকা মিছিল করেছে।
মাগুরা : হরতালের সমর্থনে মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদের নেতৃত্বে একটি মিছিল ও সমাবেশ করা হয়েছে।
ফেনী : ফেনীতে গতকাল বিকাল সাড়ে ৫টায় হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারের নেতৃত্বে বিএনপি মিছিল সমাবেশ করেছে।
নোয়াখালী : হরতালের সমর্থনে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী, জেলা শহর মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ এবং সুবর্ণচরসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল জেলা শহর মাইজদীতে বিকালে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
খাগড়াছড়ি : হরতালের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : হরতালের সমর্থনে গতকাল সীতাকুণ্ড পৌরসদরে বিক্ষোভ মিছিল বের করে পৌর বিএনপি।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : ৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মহাদেবপুর (নওগাঁ) : কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে সারাদেশের মতো নওগাঁর মহাদেবপুরে থানা বিএনপির উদ্যোগে বিকালে হরতাল সর্মথনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া (পাবনা) : বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা দু’দিনের হরতালের সমর্থনে পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কালিয়াকৈর (গাজীপুর) : ৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল কালিয়াকৈর উপজেলা বিএনপির অফিস থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে গতকাল ফুলবাড়ীয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
বিরল (দিনাজপুর) : গতকাল হরতালের সমর্থনে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি লে. জে. (অব.) মাহবুবুর রহমান সমর্থিত নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তাড়াইল (কিশোরগঞ্জ) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল কিশোরগঞ্জের তাড়াইলে হরতালের সমর্থনে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে।
মধুপুর (টাঙ্গাইল) : বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল সফল করতে মধুপুর বিএনপি ও যুবদল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সেনবাগ (নোয়াখালী) : হরতালের সমর্থনে গতকাল নোয়াখালীর সেনবাগ পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে ১৮ দলের উদ্যোগে উপজেলা বিএনপির নেতা আবদুল্লা আল মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল ও ভিপি মফিজের নেতৃত্বে পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাঘাটা (গাইবান্ধা) : হরতালের সমর্থনে গতকাল গাইবান্ধার সাঘাটায় বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
ধুনট (বগুড়া) : হরতালের সমর্থনে বগুড়ার ধুনটে বিএনপির উদ্যোগে মিছিল হয়েছে।
সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা হরতাল সফল করার লক্ষ্যে গতকাল হরতালের সমর্থনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনের নেতৃত্বে এক মিছিল বের হয়।
হরিপুর (ঠাকুরগাঁও) : হরতাল সফল করার লক্ষ্যে গতকাল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি ঝটিকা মিছিল করেছে।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর জেলা বিএনপি গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শেরপুর (বগুড়া) : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
চৌমুহনী: হরতালের সমর্থনে বের করা বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ কর্মীরা এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়ে চারটি ব্যাংকে ও পাঁচটি গাড়ি ভাংচুর করে। এ সময় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। এরপর থেকে সর্বত্র উত্তেজনা বিরাজ করছে।
দেলদুয়ার (টাঙ্গাইল) : হরতালের সমর্থনে গতকাল দেলদুয়ার উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া (গাজীপুর) : হরতালের সমর্থনে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়