উপর্যুপরি হরতালকে ফৌজদারি অপরাধ গণ্য করে বিলের সুপারিশ



নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-০৪-২০১৩
উপর্যুপরি হরতালকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে বেসরকারি বিল তৈরির পরামর্শ দিয়েছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বেসরকারি বিল হিসেবে সংসদে ইতিমধ্যে ‘জনস্বার্থ বিল, ২০১০’ উত্থাপন করেছেন। গতকাল সংসদীয় কমিটির বৈঠকে এই বিল পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিলটি সংসদে হরতালবিরোধী বিল হিসেবে পরিচিতি পেয়েছে। কমিটি উত্থাপিত বিলে ‘রাজনৈতিক কর্মসূচির’ পরিবর্তে ‘হরতাল’ শব্দ যুক্ত করতে বলেছে। একই সঙ্গে হরতালের বিকল্প উপায়ও খুঁজে বের করার পরামর্শ দিয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, হরতাল আহ্বানের অধিকার যেমন আছে, তেমনি পালন না করার অধিকারও আছে। জোর করে হরতাল পালন করানো বেআইনি। এ জন্য কমিটি উপর্যুপরি হরতাল আহ্বানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে বিল চূড়ান্ত করতে বলেছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিএনপির সৈয়দা আশিফা আশরাফি বিলটি চূড়ান্ত করার আগে আওয়ামী লীগ ও বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের মতামত নেওয়ার পক্ষে মত দিয়েছেন। আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, জুনাইদ আহমেদ ও সৈয়দা আশিফা আশরাফি অংশ নেন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়