লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ, গ্রেফতার ২



লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ও লক্ষ্মীপুর সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ইকরামুল করিম রোমানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ১০টার সময় এই ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে রায়পুর শহরে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইসমাইল হোসেন মিলন ও কামরুল হাসান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২ দিন আগে ক্রিকেট খেলা নিয়ে রায়পুর উপজেলার চরপাতা গ্রামের রোমানের ছোট ভাই সৈকত হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী শাহাদাত্ হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে ইকরামুল করিম রোমান তার বাবার কাছে ঢাকায় যায়। রোববার সন্ধ্যায় সে ঢাকা থেকে বাড়িতে এসে তার ভাইকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাত্ হোসেন, ইসমাইল হোসেন মিলন ও কামরুল হাসানসহ ৮/১০ জন মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রোমান মারা যায়।
রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন পাটওয়ারী জানান, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা রোমানকে কুপিয়ে হত্যা করেছে।
রায়পুর থানার ওসি আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়