মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, চরফ্যাশন ও রূপগঞ্জে হামলা : চিতলমারী মহাদেবপুর কালকিনিসহ বিভিন্ন স্থানে ভাংচুর লুটপাট



ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে ১ জন। ভোলার চরফ্যাশনে ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের ক্যাডাররা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওষুধের দোকানে ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। এদিকে গতকাল মাদারীপুরে যুবদল নেতার হামলায় জেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক আহত হয়েছে। এছাড়াও বাগেরহাটের চিতলমারীতে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। নওগাঁর মহাদেবপুরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে হৃদয় নামে এক ছাত্রকে মারধর করার অভিযোগে অভিভাবকরা শিক্ষকের ওপর হামলা করেছে। মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধার
বসতবাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ : রেজিস্ট্রি অফিস থেকে আদায় করা মাসিক চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের ১ জন নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সংঘর্ষকালে ৪টি ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও রাইচমিল ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয়রা জানান, মাসিক চাঁদার ভাগাভাগিকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম এবং সহ-সভাপতি রুহুল আমিন গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় সভাপতি গ্রুপের আজাদ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর মারা যায়। এছাড়া সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ মোল্লা এবং আওয়ামী লীগ নেতা ওলিয়ার রহমান, মোস্তাক হোসেন নামের দু’জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহত মোস্তাক হোসেনের মোটরসাইকেলটি শহরের কেশব মোড়ে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রেজিস্ট্রি অফিস থেকে চাঁদা আদায়ের সংবাদ পত্রিকায় প্রকাশ নিয়ে দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
চরফ্যাসনে আহত ২ : ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুরের মোবারকিয়া দাখিল মাদরাসার সুপার অবৈধ নিয়োগের প্রতিবাদ করায় ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য অজিউল্লাহকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ ক্যাডাররা। প্রতিবাদে শত শত লোক বিক্ষোভ মিছিল করেছে চরফ্যাশন সদর সড়কে। উপজেলার এ মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য অবৈধ নিয়োগের বিরোধিতা করায় অটল থাকা নিয়োগ বোর্ডের সদস্য অজিউল্লাহ মেম্বারকে পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ সদস্যরা। আহত অজিউল্লাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এর প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল পৌর শহরে প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দিয়েছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে চরফ্যাশন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জে হামলা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকার মা মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে গতকাল ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় দোকান ভাংচুর করে মালামাল ছুড়ে বাইরে ফেলে দেয় তারা। নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তার দোকানের ওপর জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকারের ছবি সংবলিত বিলবোর্ড থাকায় গতকাল ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। মারধর করা হয় দোকান মালিক ডা. শাহীন ভুঁইয়াকে। টাকা, মোবাইলসেট ও মালামাল লুটপাট করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান, রাজিব, সোহেল, ইমরান, সোহাগ, রেজোয়ান, কমল, তুহিন, সারোয়ারসহ ১৫-২০ জন এ হামলা চালায়।
মাদারীপুরে আহত ১ : মাদারীপুরে কথিত যুবদল নেতার হামলায় জেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান আহত হয়েছে। গতকাল জেলা শহরের পুরানবাজার মেলডি টেইলার্স দোকানে জাহান্দার আলী জাহান বসে অন্য নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই যুবদল নেতা মামুন চৌধুরী স্টিলের একটি বসার টুল দিয়ে জাহান্দার আলী জাহানের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে মাদারীপুর হাসপাতালে ভর্তি করে।
চিতলমারীতে আহত ৩০ : বাগেরহাটের চিতলমারীতে গাছ কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার উপজেলার বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না ও বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খসরু আহম্মেদ গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খসরু আহম্মেদ বিদ্যালয়ের গাছ কেটে নেয়। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে ইব্রাহীম হোসেন জেলা ও উপজেলা প্রশাসন বরাবর গাছ কাটার অভিযোগ দেয়। এ ঘটনার সূত্র ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান পান্না ও খসরু গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহাদেবপুরে আহত ৩ : নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। আহতরা হলো বুলবুল হোসেন, আজিমুদ্দিন ও সিরাজুল ইসলাম। রোববার উপজেলার মহাদেবপুর ইউনিয়নের খোশালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুরে আহত ১ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের হৃদয় নামে এক ছাত্রকে মারধর করার অভিযোগে ওই ছাত্রের অভিভাবকরা স্কুলে হামলা চালিয়ে শিক্ষক শহিদুল ইসলামকে আহত করেছে। এ ঘটনায় ছাত্রছাত্রীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনিতে আহত ১ : পূর্বশত্রুতার জের ধরে সোমবার মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন শিকদারের বসতবাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মুক্তিযোদ্ধার মেয়ে সুমি আকতার গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্যামনগরে আহত ১ : সাতক্ষীরার শ্যামনগরে দাবি করা অস্ত্র না পেয়ে খতিব গাজী নামের এক যুবককে কুপিয়েছে সুন্দরবনের বনদস্যুরা। ঘটনাটি ঘটেছে সোমবার সুন্দরবনের কাছে যতীন্দ্রনগর গ্রামে। আহতকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর খুলনা পাঠানো হয়েছে। আহত খতিব গাজী যতীন্দ্রনগর গ্রামের কোরবান গাজীর ছেলে। সোমবার টেংরাখালীর মিকাইল ও ইউনুস তার বাড়িতে আসে। এ সময় তারা তাকে ডেকে মাদার নদীর চরে নিয়ে যায়। সেখানে পৌঁছানো মাত্র লাল্টু, মজিদ, মোস্তফা ও রেজাসহ তার সহযোগীরা খতিবকে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র আছে দাবি করে। এ সময় নিজের কাছে কোনো অস্ত্র না থাকার কথা জানালে লাল্টু, মিকাইল, ইউনুুসসহ অন্যরা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দামুড়হুদায় আহত ১ : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা রেলবাজারে জ্বালানি তেল (পেট্রোল) বাকি না দেয়ায় হাসান ও তারেকসহ ১০/১২ জন হামলা চালিয়ে দোকান মালিক রনি ও দোকান কর্মচারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল দর্শনা রেলবাজারের সব দোকানের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। রোববার দর্শনা রেলবাজারের তেল ব্যবসায়ী রনির দোকানে বাকিতে জ্বালানি তেল (পেট্রোল) কিনতে আসে হাসান ও তারেক। এ সময় দোকান মালিক বাকিতে তেল না দিতে চাইলে তারা রনি ও তার কর্মচারীর ওপর হামলা করে। তাদের উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কলাপাড়ায় আহত ২ : পটুয়াখালীর কলাপাড়ায় দুই সহোদর জেলে সোহেল আকন ও জামাল আকনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে একই এলাকার আরফিন হাওলাদার, আইউব আলী হাওলাদার ও তোফাজ্জেল হাওলাদার। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় ১০-১২ সন্ত্রাসীসহ তারা হামলা চালিয়ে তাদের আহত করে। ঘটনাটি ঘটে সোমবার উপজেলার লালুয়া ইউনিয়নের বড়পাঁচনং গ্রামের রানাবাদ নদীর তীরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়