নাটোরে হেফাজত কর্মী সন্দেহে দুই প্রভাষককে যুবলীগের মারধর
নাটোর প্রতিনিধি
নাটোর সদরের বাসুদেবপুরে হেফাজতে ইসলামের কর্মী সন্দেহে শাঁখারিপাড়া মাদরাসার দুই প্রভাষককে মারধর ও মোটরসাইকেল ভাংচুর করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।
প্রত্যক্ষদর্শিরা জানান, আজ দুপুরে নাটোরের নলডাঙ্গা থানার শাখারীপাড়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক জালাল উদ্দিন ও গণিত বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসুদেবপুর বাজারের পাশে কাউন্সিল মোড়ে এলাকায় পৌছলে নলডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন ও তার সমর্থক তাদের গতিরোধ করে। এরপর হেফাজত কর্মী সন্দেহে তাদের মারধর করে ও মোটর সাইকেলে ভাংচুর করে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেসরকারী ক্লিনিকে ভর্তি করে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানা যুবলীগের সভাপতি রেজাউল করিম মারধর ও ভাংচুরের কথা অস্বীকার করলেও লাঞ্ছিত করার কথা স্বীকার করে জানান, বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
নাটোরের নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এখনও এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
Comments