ইতিহাসে শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ প্রধানমন্ত্রী হিসাবেই চিহ্নিত হবে -কাজী জাফর



স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে গোটা জাতি হতাশ হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞার অভাবে প্রধানমন্ত্রী নিজেকে ইতিহাসে একজন একরোখা, প্রতিহিংসাপরায়ণ ও অপরিণামদর্শী শাসক হিসাবেই চিহ্নিত করছেন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাজী জাফর আহমদ বলেন, জনগণ যেভাবে আত্মদানের মাধ্যমে প্রহসনের এই নির্বাচনকে প্রতিরোধ, প্রতিহত ও বয়কট করেছে তা উপলব্ধি করতেও প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, প্রহসনের এ নির্বাচনে নগণ্য সংখ্যক ভোটার ভোট দিয়েছে ও অনেকগুলো কেন্দ্রে কোনো ভোটার ভোট না দেয়ার মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে জনগণ যে অনাস্থা প্রকাশ করেছে তাও প্রধানমন্ত্রী উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এ উপলব্ধির অভাবে সংবাদ সম্মেলনে তার হাস্য-কৌতুক স্থান পেয়েছে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করার মাধ্যমে বর্তমান তামাশার নির্বাচনী ফলাফলকে বাতিলপূর্বক সংলাপ ও সমঝোতার উদ্যোগ গ্রহণ করে দশম সংসদ নির্বাচন পুনরায় অনুষ্ঠানের মাধ্যমে চলমান ভয়াবহ রাজনৈতিক সংকট সমাধানের ঐতিহাসিক প্রয়োজনীয়তা উপলব্ধি করতেও প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ভাবতে অবাক লাগে এত মানুষ হত্যার পরও তিনি তাদের রুহের মাগফেরাত পর্যন্ত কামনা করেননি। শাসক দল এ তামাশার নির্বাচন করায় তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে বিরোধী দল ও জনগণের সংগ্রামী কাফেলা সরকারের বিরুদ্ধে অবশ্যই বিজয় অর্জন করবে।
- See more at: http://www.dailyinqilab.com/2014/01/07/153243.php#sthash.82TOAJjn.dpuf

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়