কমলনগরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ বাগেরহাটে মাদরাসায় যুবলীগের হামলা : সোনারগাঁয়ে আহত অর্ধশতাধিক


কমলনগরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ বাগেরহাটে মাদরাসায় যুবলীগের হামলা : সোনারগাঁয়ে আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদপরের সংবাদ»
কমলনগরে আ.লীগের দু’গ্রুপসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে গতকাল লক্ষ্মীপুরের কমলনগরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বাগেরহাটে মাদরাসায় যুবলীগের হামলা ও ভাংচুরের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কমলনগরে আহত ৫ : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল উপজেলা হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আ’লীগের ২০৪ জন কাউন্সিলরের মধ্যে ২০২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে সভাপতি পদে মাস্টার নুরুল আমিন (দেয়ালঘড়ি) প্রতীকে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ সেলিম (চেয়ারম্যান) (আনারস) প্রতীকে ৯৩ ভোট পেয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল আমিন রাজু (তালা) প্রতীকে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নিজাম উদ্দিন (জাহাজ) প্রতীকে ৯৮ ভোট পেয়ে থাকেন। এতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সভাপতি এম আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমিন প্রমুখ। গতকাল সম্মেলনের শেষ পর্বে ভোট গণনার পর দু’টি গ্রুপে আবারও হাতাহাতি, উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক ওমর ফারুক (সাগর), যুবলীগ নেতা আবুল কাশেম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গোলাম ফারুক জনিসহ ৫ জন আহত হন। পরবর্তীতে জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ছালাহ উদ্দিন টিপুর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোনারগাঁয়ে আহত অর্ধশতাধিক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও ডিস ব্যবসাকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ৪/৫টি গাড়ি ভাংচুর করে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মাসুদ ও গাব্বাবাড়ী গ্রামের আল আমিনের মধ্যে আধিপত্য বিস্তার ও ডিস ব্যবসা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সাদিপুর এলাকায় মাসুদ ও শহীদুল্লার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দু’পক্ষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। সংঘর্ষে সোহেল, আসাদুজ্জামান আসাদ, সুমন, সিদ্দিক, করিম, শাহআলম, মাসুদ, পনির, বিল্লাল, ফারুক, নীরব, সমলা, মতিউর রহমান, আকাশ মাহামুদ, এমদাদুল, ইকবাল, নুরুল ইসলাম, সোহেল, এনামুল, শাহজাহানসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটে আহত ১৫ :
বাগেরহাটে গতকাল একটি ইয়াতিম খানা ও মাদরাসায় যুবলীগ হামলা ও ভাংচুর করেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা হলো মহিবুল্লাহ, মাহফুজ, সাকী, তামীম, রনি, জনি, মোর্শেদ, রিয়াজুল, মাসুম, আ. রহিম, হোসাইন, আলিফ, রাকিব, কামাল ও জাহিদ। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। জামায়াতের ডাকা হরতালে শহরের মেঘনিতলা এলাকায় ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে যুবলীগ একটি মিছিল শুরু করে। ওই মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে শহরতলীর মেগনিতলা এলাকায় খানজাহান আলী আদর্শ তাফিজুল কোরআন ইয়াতিমখানা ও মাদ্রাসায় হামলা ও ভাংচুর করা হয়। সন্ত্রাসীরা এই প্রতিষ্ঠানের দরজা-জানালা, কম্পিউটার ও বাইসাইকেল ভাংচুর করে।
শ্রীপুরে আহত ১ : মাগুরার শ্রীপুরে বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম ধলু মঙ্গলবার বাজারে ওয়াপদা অফিসের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ইউপি সদস্য ইদ্রিস আলীর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহে আহত ২০ : জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার থুরী গ্রামের হাছেন আলী ও আবদুল হালিমের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল আবদুল হালিমের লোকজন বিরোধীয় জমিতে চাষ করতে গেলে হাছেন আলীর লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। আহত সুলতান ও হাছেন আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের জামালপুর ও মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিনে আহত ১১ : ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামে স্কিমের কৃষি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলো হানিফ, ফাতেমা বেগম, মো. স্বপন, শালা আ. রশিদ, মো. রুহুল আমীন, ইব্রাহীম, নুরনবী, হাসনাঈন, সুমা, জান্নাত ও নাছির। 
পটিয়ায় আহত ৪ : চট্টগ্রামের পটিয়া-চন্দনাইশ সীমান্তের লট এলাহাবাদ এলাকায় গতকাল শান্তি বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এতে ৪ সন্ত্রাসী আহত হয়েছে। পুলিশ আহতাবস্থায় ৩ শান্তি বাহিনী সদস্যকে আটক করেছে। চন্দনাইশের লট এলাহাবাদ এলাকার নতুনপাড়ায় ১৫/২০ জনের এক দল পাহাড়ি সন্ত্রাসী লোকালয়ে ডাকাতি ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশ ও সন্ত্রাসীদের পাল্টা গুলিবর্ষণ শুরু হয়। এতে ৪ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়।
কাপাসিয়ায় আহত ৪ : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর বাস টার্মিনাল এলাকার এক প্রবাসীর বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, মারধর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় থানা পুলিশ গতকাল আমজাদ হোসেন ও আলমগীর হোসেন নামে দুই সহোদরকে গ্রেফতার করেছে। প্রবাসীর স্ত্রী আফরিনা আক্তার রুমি বাদী হয়ে ৬ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করেছে। উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের প্রবাসী কবির হোসেন প্রায় ৮ বছর আগে ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে বাস করছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আমজাদ ও আলমগীর গংরা মঙ্গলবার দেশি অস্ত্র, দা, লাঠি, ছুরি, বল্লম নিয়ে বাদীর বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। বাধা দিলে বাড়ির লোকজনকে বেধড়ক পিটুনি দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত সুমি, সাহারা খাতুন ও দিলরুবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়