বাত ঠেকাবে মাছের তেল
ইনকিলাব ডেস্ক : মাছের তেল ও এসপিরিন বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিকারে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে নতুন একটি গবেষণায় জানানো হয়েছে। ব্রিগহ্যাম অ্যান্ড ওমেনস হসপিটাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা জানিয়েছেন এ দুটি উপাদান একসাথে গ্রহণ করলে হৃদরোগ, ক্যান্সার, বাত এবং আলঝেইমারের মত রোগগুলোর প্রদাহ নিরাময় সম্ভব হবে। অ্যাসপিরিন এবং মাছের তেল থেকে প্রাপ্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রদাহ নিরামক বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু গবেষণায় দেখা গেছে, এ দুটো উপাদান আলাদা আলাদাভাবে গ্রহণ না করে একত্রে গ্রহণ করলে তা দীর্ঘস্থায়ী ব্যাধির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রদাহ হচ্ছে আঘাতপ্রাপ্ত শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন ক্ষতিকর কিছু মানুষের দেহে প্রবেশ করে ক্ষতিসাধন করতে চায় তখন প্রদাহ প্রক্রিয়া সেটা দূর করতে কাজে নেমে পড়ে। কিন্তু আক্রান্ত ব্যক্তির খাদ্যে চর্বির পরিমাণ বেশি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলশ্রুতিতে রোগাক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায়। দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে হার্টের ভাল্ব ও মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে স্ট্রোক, ক্যান্সার এবং ডায়াবেটিসের মত মারাত্মক রোগাক্রান্ত হবার সম্ভাবনা থাকে। হৃদরোগ ও স্ট্রোক থেকে দূরে থাকার জন্য অসংখ্য মানুষ অ্যাসপিরিন ব্যবহার করে। এটি শরীরে রিজলভিন নামক এক ধরনের অণুর উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। অন্যদিকে সামুদ্রিক মাছের তেল হতে প্রাপ্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও হৃদরোগ প্রতিরোধে সহায়ক। জার্নাল অব কেমিস্ট্রি এন্ড বায়োলজিতে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। সূত্র : ডেইলি মেইল।
Comments