কী চমত্কার দেখা গেল!
- Get link
- X
- Other Apps
ইফতেখার মাহমুদ ও মনিরুল আলম, যশোর থেকে | আপডেট: ১৩:৫৫, মার্চ ২৩, ২০১৪
একেবারে ফিল্মি স্টাইলে ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটেছে যশোরে। ভোট গ্রহণ শুরুর ঘণ্টা খানেকের মাথায় প্রথমে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, পরে কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহীন চাকলাদারের লোকজন।
সরেজমিনে দেখা যায়, নাজিরশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কমপক্ষে ৫০ জনের জটলা। জটলা ঠেলে ভেতরে ঢোকা মাত্রই একদল যুবক তেড়ে আসেন। তাঁরা বলেন, ভেতরে ঢোকা নিষেধ। কাজ চলছে। কী কাজ চলছে জানতে চাইলে বলেন, শেষ হোক। তারপর বলব, ভেতরে কী কাজ চলছিল।
বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে দেখা যায়, যশোর ছাত্রলীগের সভাপতি রিয়াদুল ইসলাম, শ্রমিক লীগের নেতা আজিজুল হক মিন্টু, একাধিক মামলার আসামি ‘বুনো আসাদ’-এর নেতৃত্বে অন্তত ৫০ জন যুবক কেন্দ্র দখল করে সিল মারছেন। পুলিশকে অবশ্য অসহায়ভাবে বাঁশি বাজাতে দেখা গেছে। ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে পাওয়া গেল ছেঁড়া ব্যালট পেপার।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোর্তজা বলেন, তিনি এ এলাকায় নতুন এসেছেন। ব্যালট কারা ছিঁড়েছেন জানেন না।
এদিকে প্রথমবার ভোটার হয়েছেন এমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল হাসানকে মনের দুঃখ বুকে চেপে বেরিয়ে যেতে দেখা যায়। প্রথম আলোকে তিনি বলেন, ভোট দেওয়ার আগেই ভোট দেওয়া হয়ে গেছে। বলতে বলতেই ভোটার নম্বর লেখা কাগজটি মুচড়ে ফেলে দেন তিনি। তাঁর পেছনে ছিলেন তিন নারী। তাঁরাও বেরিয়ে যান অসহায় মুখে।
- Get link
- X
- Other Apps
Comments