প্রকাশ্যে ব্যালটে সিল পড়ছে টাঙ্গাইলে
- Get link
- X
- Other Apps
মুস্তাক আহমেদ ও কামনাশীষ শেখর, টাঙ্গাইল থেকে | আপডেট: ১৪:০৩, মার্চ ২৩, ২০১৪
টাঙ্গাইলের কালীহাতি উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে ছিল দেওয়া, একজনের ভোট আরেকজনে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটছে। এর মধ্যে সহদেবপুর ইউনিয়নের খরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। পরে আবার ভোট শুরু হয়েছে।
সরেজমিনে টাঙ্গাইলের নাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্র ও আওলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, এখানে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হচ্ছে, একজনের ভোট আরেকজন দিচ্ছেন। এই তিন প্রার্থীর পক্ষে এজেন্টদের সামনেই ভোট দিতে বাধ্য করা হচ্ছে।
এ বিষয়ে আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মারুফ মোহাম্মদ রিজভী বলেন, ‘অনিয়মের বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।’
উল্লেখ্য, এলাকাটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকের গ্রামের বাড়ি।
এদিকে খরশিলা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কিছু সমস্যার কারণে ভোট গ্রহণ কিছুক্ষণ ভোট গ্রহণ স্থগিত রাখা হলেও পরে শুরু হয়।
টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা সামসুল হক তালুকদার।
প্রথম আলোকে সামসুল হক বলেন, কিছুক্ষণ আগে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নির্বাচন থেকে সরে যাওয়ার আবেদন করেছেন।
- Get link
- X
- Other Apps
Comments