আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব চলছেই : টেন্ডার দখলে পবিপ্রবি রণক্ষেত্র মুরাদনগর ও চরফ্যাশনে হামলা


আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব চলছেই : টেন্ডার দখলে পবিপ্রবি রণক্ষেত্র মুরাদনগর ও চরফ্যাশনে হামলা

ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদপরের সংবাদ»
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব যেন থামছেই না। প্রতিদিন নতুন নতুন জায়গা রক্তাক্ত হচ্ছে তাদের অস্ত্রের মহড়ায়। গতকাল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৪ লাখ টাকার দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে দিনভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মী। এদিকে কুমিল্লার মুরাদনগরে গতকাল বিএনপির মিছিলে সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এতে আহত হয়েছেন ১৫ বিএনপি নেতাকর্মী। ভোলার চরফ্যাশনের যুবদলের কর্মীসভায় হামলা করে চারজনকে আহত করেছে যুবলীগের কর্মীরা। অন্যদিকে চট্টগ্রামে ধাওয়া-পাল্টাধাওয়ার নাটক সাজিয়ে বন গবেষণা ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন তহবিলের ৫ কোটি টাকার টেন্ডার দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
টেন্ডার নিয়ে আ.লীগ-ছাত্রলীগ সংঘর্ষে পবিপ্রবি রণক্ষেত্র : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৪ লাখ টাকার দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে দিনভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ফের ২টা থেকে দফায় দফায় সংঘর্ষে দরপত্র জমা দেয়ার কক্ষ ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক নেতাকার্মী আহত হন। এ সময় স্থানীয় পীরতলা বাজারে শতাধিক দোকান ভাংচুর করে পবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। গুরুতর আহত আবুল কালাম আজাদকে ও কাওছারকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষের ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা বৈশাখী টিভি, চ্যানেল২৪ ও দিগন্ত টিভির পটুয়াখালী প্রতিনিধিকে লাঞ্ছিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের প্রকৌশল শাখার আহ্বানকৃত ৭ গ্রুপের প্রায় অর্ধ কোটি টাকার নির্মাণ কাজের টেন্ডার দাখিলে পবিপ্রবি শাখার ছাত্রলীগ বাধা দিলে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মোতালেব খান এ প্রসঙ্গে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে টেন্ডার দাখিল প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
মুরাদনগরে বিএনপির মিছিলে আ.লীগ সন্ত্রাসীদের হামলা : কুমিল্লার মুরাদনগরে গতকাল বিকালে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপির মিছিলে সশস্ত্র হামলা চালিয়েছে। এতে ১৫ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কারারুদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুরাদনগরে খালেদা জিয়া ও তারেক রহমনের নামে টানানো ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুরাদনগর বাস টার্মিনালে পৌঁছলে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাম দা, চাপাতি, হকিস্টিক ও রডসহ হামলা করে। এ সময় ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় আহত বিএনপি কর্মীদের মধ্যে সিরাজ, হেদায়েত, আলাউদ্দিন, আজিজ, মাসুম, শাহজাহান, সালাহউদ্দিন, সৌরভ, জাকির হোসেন, ইকবাল, মুর্শিদ ও সামাদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এদের মধ্যে শাহজাহানের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে মুরাদনগর বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রামে ছাত্রলীগের ৫ কোটি টাকার টেন্ডার দখল : চট্টগ্রামে ধাওয়া-পাল্টা ধাওয়ার নাটক সাজিয়ে বন গবেষণা ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন তহবিলের ৫ কোটি টাকার টেন্ডার দখল করে নিয়েছে ছাত্রলীগ। পুলিশের উপস্থিতিতে দিনভর ছাত্রলীগের দু’গ্রুপের সশস্ত্র মহড়ায় টেন্ডার বাক্সের কাছেই ভিড়তে পারেনি টেন্ডারে অংশ নিতে আশা ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ঠিকাদাররাই কেউ টেন্ডারে অংশ নেয়নি।
সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তন ফান্ডের আওতায় সিমেন্ট বন্ডেড পার্টিকেল বোর্ড নির্মাণ সংক্রান্ত প্রায় ৫ কোটি টাকার প্রকল্পটির টেন্ডার জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর ষোলশহর দু’ নম্বর গেট এলাকার বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম কার্যালয়ে স্থাপিত নির্ধারিত বক্সে টেন্ডার জমা দেয়ার কথা ছিল।
নির্ধারিত সময় সকাল ৮টা থেকেই টেন্ডার বাক্স বন গবেষণা কার্যালয়ের নোটিশ বোর্ডের নিচে রাখা হয়। তার আগে থেকেই কার্যালয়ের মূল ফটকের দু’পাশে লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখী স্থানীয় ছাত্রলীগ ক্যাডার আনোয়ার ও মাসুমের কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে টেন্ডারে অংশ নিয়ে বেশ কয়েকজন প্রতিনিধি ফাইলপত্র নিয়ে কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে বাধ সাধে ছাত্রলীগ। এ সময় তারা নিজেদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকায় আতঙ্ক ছড়াতেই ছাত্রলীগের নেতা ও ক্যাডাররা ধাওয়া-পাল্টা ধাওয়ার নাটক সাজায়।
কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, পুরো প্রক্রিয়াটায় একটা নাটক ছিল। পুলিশ, শাসক দল ও বন বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এই নাটক মঞ্চস্থ করে প্রকৃত ব্যবসায়ী ও ঠিকাদারদের টেন্ডারে অংশ নিতে দেয়নি।
চরফ্যাশনে যুবদলের ওপর যুবলীগের হামলা : ভোলার চরফ্যাশনের চরমাদ্রাজে যুবদলের কর্মীসভা চলাকালে চরমাদ্রাজ যুবলীগের কর্মীরা হামলা চালিয়ে ৪ যুবদল কর্মীকে গুরুতর আহত করেছে।
উপজেলা যুবদলের সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী জানান, গত সোমবার চরমাদ্রাজ নাজিম উদ্দিন মাধ্যমিক বিদ্যলয়ে বিকালে স্থানীয় যুবদলের সভা চলাকালে যুবলীগের বাবুল ডাক্তার, মিলন, মাজেদ, লিটনের নেতৃত্বে ১৫/২০ জন হামলা চালায়। এতে আহত হয় জাকির, বিল্লাল, কামাল, মিজান। এ হামলার প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আমিরুল ইসলাম মিনটিজ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়