‘রাজশাহীর ঘটনায় নাক-কান কাটা গেল’
- Get link
- X
- Other Apps
রোজিনা ইসলাম | আপডেট: ০০:১৪, ফেব্রুয়ারি ০৪, ২০১৪
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় সরকারের মাথা নিচু হয়েছিল আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অস্ত্রবাজির ঘটনায় তাঁদের নাক-কান কাটা গেছে। আজ সোমবার প্রথম আলোকে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় জড়িত সব ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। তদন্তে যার যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তাদের ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে। এর আগে বিশ্বজিতের ঘটনায় আমাদের মাথা নিচু হয়ে গিয়েছিল, এ ঘটনায় আমাদের নাক-কান কাটা গেল।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জড়িত ছাত্রদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, অপরাধী যে দলেরই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর যতক্ষণ তার হাতে কলম ছিল ততক্ষণ সে ছাত্র ছিল। কিন্তু যখনই সে অস্ত্র হাতে নিয়েছে, তখন সে মাস্তান হয়ে গেছে। আর মাস্তানি করলে তাকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। সে কোন দলের, কোন মতের তা বিবেচনা যোগ্য নয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তথ্য আসছে, এ ঘটনায় জামায়াত-শিবিরও যুক্ত হয়ে গোলমালের চেষ্টা করেছে। ছাত্রলীগের মিছিলের সময় পেছন থেকে ককটেল ফুটিয়েছিল। এরপরই তারা চড়াও হয়। তবে তদন্তে যে-ই দোষী হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। দাবি আদায়ে গত বৃহস্পতিবার থেকে ‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স-বিরোধী’ শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে তাঁরা ক্যাম্পাসে ধর্মঘট পালন করছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার বর্ধিত ফি কার্যকর স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ফি পুরোপুরি প্রত্যাহার এবং সন্ধ্যাকালীন কোর্স বাতিল না করায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
গতকাল রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে চড়াও হন। এ সময় তাঁদের অনেককে গুলি করতে ও ইটপাটকেল ছুড়তে দেখা গেছে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট, ছররা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন।
- Get link
- X
- Other Apps
Comments