দিল্লিতে ধর্ষিতা ছাত্রীর মৃত্যু প্রতিবাদে অচল ভারতের রাজধানী


দিল্লিতে ধর্ষিতা ছাত্রীর মৃত্যু প্রতিবাদে অচল ভারতের রাজধানী

শফিকুল ইসলাম, কলকাতা
« আগের সংবাদপরের সংবাদ»
বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি। তাই শরীর সায় না দিলেও কঠিন মনোবল নিয়ে তিনি উঠেও দাঁড়িয়েছিলেন। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তার বেঁচে থাকার সেই আকুতি ব্যর্থ হয়ে গেছে। ১৩ দিন জীবনসঙ্কটে থেকে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার ‘ভারতকন্যা’ ও ‘সাহসীহৃদয়’ খ্যাত সেই মেডিকেল ছাত্রী গতকাল ভোরে সিঙ্গাপুরে মৃত্যুকরণ করেন। তার মৃত্যুর সংবাদে অগ্নিগর্ভ দিল্লি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দেয়ার জন্য দিল্লিতে ১৪৪ ধারা ও সারাদেশে সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিবাদ বিক্ষোভ ঠেকাতে পুলিশ দিল্লির কেন্দ্রস্থলে প্রচুর রাস্তা বন্ধ করে দিয়েছে।
অনেক মেট্রো রেলস্টেশন বন্ধ করে দেয়া হয়েছে এবং মানুষকে শহরের কেন্দ্রস্থলে যেতে বারণ করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় শত শত সশস্ত্র দাঙ্গাপুলিশ মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ করছে ক্ষুব্ধ জনতা।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জন অসন্তোষের কারণ তিনি অনুধাবন করছেন। ভারতকে নারীদের জন্য নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলতে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এই ধর্ষণের অভিযোগে আটক ৬ ব্যক্তির বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
গত ১৬ই ডিসেম্বর দক্ষিণ দিল্লিতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে একটি চলন্ত বাসে ড্রাইভার ও তার সঙ্গীরা কয়েকঘণ্টা ধরে ধর্ষণ করেন ওই ছাত্রীকে। এই ধর্ষণের প্রতিবাদে ভারতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সহিংস প্রতিবাদে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
গণধর্ষণের ঘটনার পর পুলিশ ও বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার দাবিতে এবং রাজধানীতে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভ চলছে। ধর্ষণের অভিযোগে পুলিশের নিষ্ক্রিয় আচরণের বিরুদ্ধেও সোচ্চার বিক্ষোভ হচ্ছে দিল্লি জুড়ে।
গণধর্ষণের শিকার ওই যুবতীকে বুধবার ভারত সরকারের সিদ্ধান্তে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে তার মৃত্যু হয়। হাসপাতালের একজন মুখপাত্র জানান, মৃত্যুকালে তার পরিবার তার সঙ্গে ছিল। যুবতীর মৃতদেহ বিমানযোগে গতকালই ভারতে আনা হয়েছে।
সিঙ্গাপুরে হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে। তবে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করার আগে দু’বার হার্ট অ্যাটাক হয় বলে ডাক্তাররা জানিয়েছেন। সিঙ্গাপুরে নেয়ার আগে দিল্লিতে হাসপাতালে তার পেটে তিনবার অস্ত্রোপচার করা হয়। এ ছাড়া তার ফুসফুস ও মস্তিষ্কে সংক্রমণ হয়েছিল এবং তলপেটেও গুরুতর জখম ছিল।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়