ঘুমের মধ্যেও বিদেশি ভাষা শিক্ষা!
- Get link
- X
- Other Apps
আপডেট: ০২:৩৪, জুলাই ০২, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
ঘুমের মধ্যে আমাদের চেতনা একেবারে লোপ পায় না। চেতনার সেই নিমগ্ন অবস্থায়ও আমরা অনেক কিছু শিখতে পারি। অবশ্য বিজ্ঞানীদের এই যুক্তি অনেকেই উড়িয়ে দেন। কিন্তু সুইজারল্যান্ডের একদল মনোবিজ্ঞানীর দাবি, ঘুমের মধ্যে আসলেই বিদেশি ভাষা শেখা সম্ভব।
সেরিব্রাল কর্টেক্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বিজ্ঞানীরা দাবি করছেন, নতুন শেখা হয়েছে এ রকম বিদেশি শব্দগুলো শুনতে শুনতে ঘুমালে সেসব আমাদের মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যাওয়ার সুযোগ রয়েছে।
গবেষণায় নেতৃত্ব দেন মনোবিজ্ঞানী জন রাশ। তিনি জার্মানভাষী ৬০ জন ছাত্র-ছাত্রীর ওপর জরিপ চালান। তাদের সম্পূর্ণ নতুন কয়েকটি ডাচ শব্দ শিখতে রাত ১০টায় বলা হয়। ওই শিক্ষার্থীদের অর্ধেককে ঘুমানোর সুযোগ দেওয়া হয়। আর তখন সেই নতুন শেখা শব্দগুলো তাদের শোনানো হয়। বাকি অর্ধেক ছাত্র-ছাত্রীকে জেগে থাকতে বলা হয়। তারাও সেই শব্দগুলো শুনতে থাকে। প্রথম দলটিকে রাত দুইটায় জাগিয়ে তোলা হয়। তারপর ওই ডাচ শব্দগুলোর ওপর ৬০ জন ছাত্র-ছাত্রীর সবাই পরীক্ষা দেয়। বিজ্ঞানীরা দেখতে পান, যারা ঘুমানোর সময় শব্দগুলো শুনেছে, তারা বেশি মনে রাখতে পেরেছে।
গবেষকেরা আরও বলেন, ঘুম থেকে বঞ্চিত থাকার কারণেও দ্বিতীয় দলটি শব্দ মনে রাখার পরীক্ষায় খারাপ করেছে। আর ঘুমের সুযোগ পেয়েছিল যে ছাত্র-ছাত্রীরা, তাদের মস্তিষ্কে ইইজি পরিমাপক যন্ত্র ব্যবহার করে দেখা হয়। এতে দেখা যায়, ঘুমানোর কারণে তাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশের তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। ভাষা মনে রাখার ক্ষেত্রে ওই অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ফরাসির মতো বিদেশি ভাষা শেখার সিডি বাজিয়ে শুনতে শুনতে ঘুমালেই যে খুব সহজে তা মনে রাখা সম্ভব হবে, এ রকম গড়পড়তা ধারণার ভিত্তি নেই। অবশ্য বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, ঘুমালে আমাদের মস্তিষ্কের উদ্দীপনা বাড়ে। আর তাতে স্মৃতিশক্তির দৃঢ় হয়।
সুইজারল্যান্ডের ওই গবেষকেরা উপসংহার টেনেছেন এভাবে: ‘অর্জিত নতুন আচরণ সারা রাত ধরে মস্তিষ্কে খেলা করে একেবারে জেগে ওঠার আগ পর্যন্ত। আর এই শেখার প্রক্রিয়াটি সম্পূর্ণ অসচেতনভাবে সম্পন্ন হয়। এভাবেই মানুষ ঘুমের মধ্যে নতুন নতুন জিনিস শেখে।’ সূত্র: ইনডিপেনডেন্ট।
- Get link
- X
- Other Apps
Comments