অন্যকে নয়, নিজেকে আবিষ্কার-অনুকরণ করো
- Get link
- X
- Other Apps
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিরুল ইসলাম তাঁর ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বক্তৃতায় তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ বক্তৃতা অনুষ্ঠানে সাবিরুল তরুণদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং সব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস নিয়ে কাজ করো।’ সাবিরুল বলেন, ‘ডিগ্রি অর্জনই সফলতার চাবিকাঠি নয়। তুমি যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করো, সেটা নিয়েই কাজ করো। তোমাকে উদাহরণ সৃষ্টি করতে হবে এবং তুমি সেটা পারবে। কারণ তুমি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আলাদা।’
তরুণদের ব্যতিক্রম কিছু করার ক্ষেত্রে বিদ্যমান সমাজ কাঠামোর নিরুৎসাহিত করার ব্যাপারটি ব্যাখা করে সাবিরুল বলেন, ‘আমরা যখন ব্যতিক্রম কিছু করতে যাই, তখন আমাদের পরিবার এবং সমাজ তাতে বাধা দেয়। এটাই হলো সমস্যা। আমাদের এ প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। কেউ বলতে পারে, “তুমি এটা পারবে না, তুমি ভুল পথে আছো।” কিন্তু এসব কথায় কান না দিয়ে সফল হয়ে প্রমাণ করতে হবে তুমিই ঠিক।’
আজ বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বক্তৃতা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, মার্কেটিং বিভাগের শাহ আজম সান্তনু, ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরুল কবীর খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সদস্যসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৫০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবিরুল ইসলাম ২০১০ সালে পৃথিবীর ২৫ জন তরুণ শিল্পোদ্যোক্তার মধ্যে একজন নির্বাচিত হন। যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ ব্রিটিশ-বাংলাদেশির তালিকায় তাঁর নাম রয়েছে। ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট’ তাঁর লেখা অন্যতম জনপ্রিয় একটি বই। তিনি বর্তমানে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন, যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা।
- Get link
- X
- Other Apps
Comments