পাঠকের উকিল


নাহিদ মাহতাব | আপডেট: ০০:০১, মে ২০, ২০১৪ প্রিন্ট সংস্করণ
নাহিদ মাহতাবআমি ১৯৮৩ সালে ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করি। বিয়ের পর কয়েক দিন শ্বশুরবাড়িতেই ছিলাম। আমার বাবা অসুস্থ থাকায় তাঁকে দেখতে ঢাকায় আসি। এই সুযোগে আমার শ্বশুর নানা প্ররোচনায় ভুলিয়ে ছেলেকে দিয়ে আমাকে তালাকের কাগজ পাঠান। সেটা ছিল বিয়ের ২৯ তম দিন। মনের কষ্টে আমি সেই ছেলেটির সঙ্গে আর যোগাযোগ করিনি। কিন্তু পরে সে নানাভাবে আমার কাছে ক্ষমা চায়। এখন আমরা আলাদা আলাদা সংসারে সুখী। ফোনে কুশলবিনিময় ছাড়া তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন, আমি এখনো আমার দেনমোহর বাবদ ৫০ হাজার এক টাকা তার কাছে পাই। আমি এখন দেনমোহর দাবি করতে চাই। কী পরিমাণ অর্থ পরিশোধ করলে এ ঋণ থেকে সে মুক্তি পাবে। এ অর্থ পেতে আমি কি তার কোনো শর্ত পূরণে বাধ্য? 
জলি
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 দেনমোহরের ৫০ হাজার এক টাকা আপনার প্রাপ্য। আপনার সাবেক স্বামী এই অর্থ প্রদান করতে বাধ্য। বৈবাহিক সম্পর্ক কনসিউমেটেড বা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই এই দেনমোহর পাওনা হয়ে যায়। এ ছাড়া অন্য কোনো শর্ত পালনীয় নয়।
 আমি হিন্দু, ইসলাম ধর্মের একটা ছেলেকে ভালোবাসি। ছেলেটাও আমাকে ভালোবাসে। আমার বয়স ২৬ আর ছেলেটার বয়স ২৮ বছর। আমাদের সম্পর্কের বয়স চার বছর। আমরা বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা দুজন ভিন্ন ধর্মের, তাই বুঝতে পারছি না কীভাবে বিয়ে করলে দুই ধর্মই ঠিক থাকবে। এতে আমরা দুজনই রাজি। বিয়ের ব্যাপারে দুই পরিবারের কেউই রাজি নয়। সে ক্ষেত্রে আমরা কী করতে পারি?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 একজন ইসলাম ধর্মের ছেলে একজন হিন্দুধর্মের মেয়েকে নিজ নিজ ধর্ম বজায় রেখে বিয়ে করতে পারেন না। তবে আপনারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় একধরনের ঘোষণা প্রদানের মাধ্যমে বিয়ে করতে পারেন। একজন নির্দিষ্ট রেজিস্ট্রার এ ধরনের বিবাহ সম্পাদন করে থাকেন।
 আজ থেকে প্রায় তিন-চার মাস আগে আমাদের এক আত্মীয় আমার বোনকে প্রতারণামূলকভাবে বাসা থেকে বের করে নিয়ে যায়। এরপর ফোন করে জানায় যে তারা বিয়ে করেছে। একদিন আমরা মেয়েটিকে তার কাছ থেকে নিয়ে আসি এবং তাকে বুঝিয়ে তার ইচ্ছাতেই তালাক করাই। কিন্তু এর মাস খানেক পর আবার ছেলেটি মেয়েটিকে তুলে নিয়ে যায়। 
এই সম্পর্ক পরিবারের কেউ মানতে পারছে না। কারণ, একজন শিক্ষিত মেয়ে কীভাবে একজন অশিক্ষিত, বিবাহিত (তালাকপ্রাপ্ত) ছেলের সঙ্গে প্রেম করবে। আর এখানে মেয়েটি নিজের মতামত দিতে পারছে না। কারণ, তাকে বন্দী অবস্থায় রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তালাক দেওয়া সত্ত্বেও আবার বিয়ে করলে সেটি মুসলিম আইনে বৈধ কি না। এবং আর আমরা যদি আইনি সহায়তা নিই তাহলে আইন কোন পক্ষ নেবে। 
 মুসলিম আইনে তালাকের পর পুনর্বিবাহ সম্ভব। এ ক্ষেত্রে মধ্যবর্তী বা খুলা বিবাহের কোনো প্রয়োজন নেই। মেয়েটির বয়স যদি ১৮ বছরের বেশি হয় তাহলে মেয়েটির মতামত আদালতের কাছে গ্রহণযোগ্য হবে। মেয়েটিকে আপনারা জোর করে নিয়ে এলে মেয়েটির স্বামী আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারেন৷
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
এ ছাড়া naksha@prothom-alo.info এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। 
সূত্র ঃ প্রথম আলো

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়