কেন খাবেন সালাদ
ফারহানা নিশি

পুষ্টিবিদ
আইসিডিআরবি
পুষ্টিগুণে ভরপুর এবং সহজপাচ্য খাবারের মধ্যে সালাদ অতুলনীয়। শীতে নানা ধরনের রঙিন সবজি পাওয়া যায়।
তাই এ সময়ে বেশি করে সালাদ খেতে পারেন। পাতা সবজি, ফল, মিশ্র সালাদসহ নানা ধরনের সালাদ তৈরি করা যায়। সালাদের পুষ্টিমূল্য বৃদ্ধি করতে ছোট ছোট মাংসের টুকরা, চিংড়ি, বাদাম, টকদই, মেয়নেজ, পনির, অলিভ অয়েল, মধু ইত্যাদি দেওয়া হয়। এতে শুধুই যে পুষ্টিগুণ বাড়ে তা নয়, সঙ্গে সঙ্গে স্বাদ, গন্ধ ও পুষ্টিমূল্যেরও তারতম্য হয়। যে বয়সের জন্যই কিংবা যে ঋতুই হোক না কেন সালাদ প্রতিদিনই খাওয়া যায়।
উপকারিতা
♦ সালাদ সব বয়সীদের জন্যই উপকারী। তবে পরিমাণ ও কার জন্য কোনটা জরুরি সেটা জানতে হবে।
♦ প্রচুর খাদ্য আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়।
♦ অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ফ্রি রেডিক্যালস কমিয়ে দেয়, ফলে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
♦ ক্যালরি কমায় কিন্তু খাবারে তৃপ্তি বাড়ায়।
♦ ওজন কমায় গ্রিন সালাদ। এবং চামড়া ও চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।
♦ বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।
♦ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে।
♦ অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমাতে ভূমিকা রাখে।
♦ ক্ষুধা কমিয়ে দেহের পর্যাপ্ত পুষ্টি রক্ষা করে।
অপকারিতা
সুফল জেনেই ইচ্ছামতো সালাদ খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। দেহের চাহিদা অনুসারে সালাদ নির্বাচন করাটাও জরুরি। যেমন—বয়স্ক ব্যক্তির জন্য গ্রিন সালাদ উপযোগী, কিন্তু অল্প বয়সীদের জন্য মিশ্র সালাদের গুরুত্ব বেশি। উচ্চ রক্তচাপের সমস্যা আছে যাদের, তাদের বিফ বা প্রণ সালাদ বাদ দেওয়াই ভালো। হজমের সমস্যা থাকলে রাতে পাতা সবজির সালাদ বাদ দেওয়াই ভালো।
Comments