সাজানো অভিযান’, নাকি ‘সাজানো গল্প’
‘ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৩ ডিসেম্বর ২০১৬, ০২:৩৫ . চট্টগ্রামে র্যাবের অভিযানে গ্রেপ্তার পাঁচ যুবককে অনেক আগেই তুলে নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদাপোশাকধারী লোকজন ছয় মাস থেকে এক বছর আগে তাঁদের তুলে নিয়ে যান। রাখা হতো হাজতখানার মতো ছোট কক্ষে। কিছুদিন পর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। হাতকড়া থাকত সব সময়। বেঁধে রাখা হতো চোখ। গত ২৯ নভেম্বর মাইক্রোবাসে করে তাঁদের চট্টগ্রামে র্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়। সেখান থেকে ৮ ডিসেম্বর ভোরে উত্তর কাট্টলীর একটি বাসায় নেওয়া হয়। ওই বাসায় আগে থেকেই অস্ত্র, গুলি, বোমা রাখা ছিল। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পৃথকভাবে এসব অভিযোগ করেন র্যাবের হাতে গ্রেপ্তার ওই পাঁচ যুবক। তাঁরা একজন আরেকজনকে চেনেন না বলে দাবি করেন। আদালতের কাছে তাঁরা অভিযোগ করেন, র্যাবের অভিযানের ঘটনা সাজানো নাটক। আদালতের কাছে বিচার চান তাঁরা। রিমান্ড শুনানির জন্য গতকাল ওই পাঁচ যুবককে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে তাঁদের পক্ষে কোনো আইনজ...