স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের ৮ পরামর্শ জেনে নিন, সুস্থ থাকুন

কালের কণ্ঠ অনলাইন   
৪ জুলাই, ২০১৬ ১১:১৬


স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের ৮ পরামর্শ জেনে নিন, সুস্থ থাকুন
স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকটি সাধারণ বিষয় রয়েছে, যা সবারই জেনে রাখা উচিত। বহু অভিজ্ঞ ডাক্তাররা বলেন, এ নিয়মগুলো মেনে চললে বেশ কিছু রোগ থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমন শরীরও সুস্থ রাখা যায়। এ লেখায় তুলে ধরা হলো সে ধরনের কিছু পরামর্শ।
১. প্রতিদিন সকালে নাশতা
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই তেমন একটা ক্ষুধার্ত থাকেন না। ফলে সকালের নাশতা খাওয়ার তেমন তাগিদও থাকে না। এতে সকালের নাশতা বাদ দিয়ে দেন অনেকেই। এছাড়া অনেক দেরি করে নাশতা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। যদিও এ বিষয়টি মোটেই উচিত নয়। ঘুমের সময় দেহের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। এতে সহজে ক্ষুধা নাও লাগতে পারে। তবে এর পরেও সকালে পর্যাপ্ত খাবার খাওয়া প্রয়োজন।
২. খাদ্যতালিকায় রাখুন মাছ ও ওমেগা থ্রি
প্রোটিনের অত্যন্ত ভালো একটি উৎস মাছ। নিয়মিত মাছ খাওয়া হলে তা আপনাকে বহু রোগ থেকে প্রতিরোধক্ষমতা গড়তে সহায়তা করবে। এটি হৃদরোগের ঝুঁকিও কমাবে। বিভিন্ন ধরনের মাছে, বিশেষ করে সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড। এটি দেহের জন্য অত্যন্ত উপকারী। মাছ ছাড়াও কিছু খাবার যেমন সয়াবিন, ক্যানোলা, আখরোট বাদাম, তিসি ইত্যাদির মাধ্যমে দেহ ওমেগা থ্রি পেতে পারে।
৩. সুস্বাস্থ্যের জন্য শারীরিক অনুশীলন করুন
আপনার যদি সুস্বাস্থ্য প্রয়োজন হয় তাহলে শারীরিক অনুশীলন করতেই হবে। শরীর সচল না রাখলে সুস্বাস্থ্য বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে শারীরিক অনুশীলনে যে উপকার পাওয়া যাবে সেগুলো হলো-
-দেহের ওজন নিয়ন্ত্রণ করা।
-হাড়ের সুস্বাস্থ্য, মাংসপেশি ও অস্থিসন্ধির সুস্থতা বজায় রাখা।
-উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া কিংবা ঝুঁকি কমানো।
-মানসিকভাবে সুস্থ থাকা।
-হৃদরোগের হাত থেকে বাঁচা।
-স্বাস্থ্যগত জটিলতায় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া।
৪. দাঁতের সুস্থতায়
প্রতিদিন দাঁত ব্রাশ করলেই শুধু যে দাঁত সুস্থ থাকবে এমন কোনো কথা নেই। দাঁতের সুস্থতায় আপনাকে নিয়মিত ফ্লসও করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁত ফ্লস করলে আপনার জীবনে যোগ হতে পারে বাড়তি ৬.৪ বছর। এটি ছাড়াও ধূমপান ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু মুখেরই ক্ষতি করে না, সারা দেহেরই ক্ষতি করে।
৫. শখ পূরণ
সুস্থ থাকার জন্য একটি অন্তত শখ পূরণ করুন। আপনার যে কাজটি করতে খুবই সুবিধা হয় এবং যা করে আপনি আনন্দ লাভ করেন সে কাজটি করুন। এটি হতে পারে কোনো খেলা, ক্র্যাফটিং, পাখি দেখা, পার্কে হাঁটা কিংবা এ ধরনের কোনো কাজ। এ শখের আনন্দেই আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে।
৬. পর্যাপ্ত ঘুমান
ঘুম অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। অনেকেই ঘুমের গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে পারেন না কারণ ঘুমের সামান্য হেরফের হলে তার প্রভাব তেমন বোঝা যায় না। পর্যাপ্ত ঘুম না হলে তাতে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয় এবং নানা রোগ আক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এছাড়া এটি মস্তিষ্কের কার্যক্ষমতাতেও প্রভাব ফেলে এবং স্মৃতিশক্তি হ্রাস করে।
৭. স্বাস্থ্যকর খাবার খান
প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়া বিভিন্ন রোগ থেকে দূরে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি খাওয়ার গুরুত্ব রয়েছে। এছাড়া নিয়মত ফলমূলও খাওয়া প্রয়োজন। পাশাপাশি অতিরিক্ত ভাজাপোড়া খাবার, বাড়তি চিনি, লবণ ও চর্বিযুক্ত খাবারও ত্যাগ করতে বলেন বিশেষজ্ঞরা।
৮. পর্যাপ্ত পানি পান
সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ যেমন কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও পাকস্থলির সঠিক কার্যক্রমের জন্য প্রয়োজন পর্যাপ্ত পানি। শুধু তরল পানি পান করাই আবশ্যক নয়, পানির পাশাপাশি দুধ, রসালো ফলমূল, ঝোলযুক্ত খাবার ইত্যাদিও পানির অভাব আংশিকভাবে পূরণ করে।
--টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ওমর শরীফ পল্লব
- See more at: http://www.kalerkantho.com/online/lifestyle/2016/07/04/377725#sthash.lS9JzxRK.dpuf

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়